টানা তৃতীয় মেয়াদে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শাম্মি সিলভা। আগের নির্বাহী কমিটির প্রায় সব সদস্যকে নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতেছেন তিনি।
একমাত্র পরিবর্তন কোষাধ্যক্ষের পদটি। আগের কোষাধ্যক্ষ লাসান্থা বিক্রমাসিংহে অন্য কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে সরে গেছেন। তার সহকারী সুজিবা গোদালিয়াদ্দা সেই দায়িত্ব নেবেন। সহকারী কোষাধ্যক্ষ পরে নিয়োগ দেওয়া হবে।
সিলভার দলের বাদবাকি সদস্যরা আগের মতোই আছেন। ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত ধর্মদাশা ও রবিন বিক্রমারত্নে, সেক্রেটারি মোহন ডি সিলভা, সহকারী সেক্রেটারি চ্রিসান্থা কুপুভাত্তে।
বার্ষিক সাধারণ সভা শেষে সিলভা গণমাধ্যমকে তার পরবর্তী দুই বছরের লক্ষ্য জানান। এর মধ্যে একটি হলো এককভাবে বিশ্বকাপ আয়োজক স্বত্ত্ব অর্জন করা। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ তারা ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে।







