বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে ছিলেন রশিদ খান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য তাকে রেখেই দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে জায়গা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা নূর আহমদের। রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীও।
পিঠের চোটের কারণে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলা হয়নি অভিজ্ঞ লেগস্পিনার রশিদ খানের। তার ফেরার সঙ্গে সঙ্গে দলে আছে চমক। বিগ ব্যাশে দারুণ পারফর্ম করা লেগস্পিনার ইজহারুল হক নাভিদ প্রথমবারের মতো ডাক পেয়েছেন। নতুনদের মধ্যে আরও রয়েছেন শহীদুল্লাহ, জিয়াউর রহমান, ওয়াফাদার মোমান্দ, মোহাম্মদ সালিম, সৈয়দ শিরজাদ।
একমাত্র টেস্টের পর আফগানিস্তান দল ভারত সফরে থাকবে। আগামী ২ জুলাই বাংলাদেশে ফিরে সোজা চট্টগ্রামে চলে যাবে তারা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তার পর সিলেটে ১৪ ও ১৬ জুলাই হবে টি-টোয়েন্টি।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমারজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আব্দুল রহমান, ইজহারুলহক নাভিদ, শহীদুল্লাহ, জিয়াউর রহমান, ওয়াফাদার মোমান্দ, মোহাম্মদ সালিম, সৈয়দ শিরজাদ।









