সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শক্তি দেখালো শ্রীলঙ্কা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো তারা। ১৭৫ রানের বিশাল জয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা হলো ১৯৯৬ সালের চ্যাম্পিয়নদের।
বুলাওয়েতে সোমবার কুইন্স স্পোর্টস ক্লাবে টপ অর্ডারের চার ব্যাটারের হাফ সেঞ্চুরিতে ৩৫৫ রানের বিশাল পুঁজি গড়ে শ্রীলঙ্কা। বিশাল লক্ষ্যে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে পর্যদুস্ত আমিরাত। ৩৯ ওভারে ১৮০ রানে অলআউট তারা।
পাথুম নিসাঙ্কা ও দিমুথ করুণারত্নের ৯৫ রানের জুটি শ্রীলঙ্কাকে পথ দেখায়। করুণারত্নে ৫২ রানে আউট হন। নিসাঙ্কাও (৫৭) হাফ সেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি।
এরপর কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার ১০৫ রানের জুটি শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নেয়। কুশল ৭৮ রানে থামেন, ৭৩ রান করেন সামারাবিক্রমা।
৪৫ থেকে ৪৭তম ওভারে ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে চারিথ আসালাঙ্কার ২৩ বলে অপরাজিত ৪৮ রানের ঝড়ে স্কোর সাড়ে তিনশ ছাড়ায়। হাসারাঙ্গা ১২ বলে অপরাজিত ছিলেন ২৩ রানে।
জবাব দিতে নেমে ৩৬ রানে আমিরাত প্রথম উইকেট হারায়। ভৃত্য অরবিন্দকে নিয়ে কিছুটা আশার আলো জ্বালান মোহাম্মদ ওয়াসিম। অধিনায়ক ৩৯ রান করে আউট হওয়ার পর প্রতিরোধ ভেঙে যায়। হাসারাঙ্গা জোড়া আঘাত হানেন।
লঙ্কান স্পিনারের ঘূর্ণিতে আর দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ। অরবিন্দ (৩৯), রমিজ শাহজাদ (২৬) ও আলি নাসিরের (৩৪) ইনিংস কেবল ব্যবধান কমায়।
হাসারাঙ্গা ৮ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৬ উইকেট নেন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
‘বি’ গ্রুপে আগামী শুক্রবার ওমানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।








