আর কয়েক দিন পর লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পুরুষ দল মুখোমুখি হচ্ছে। স্বাগতিকদের ২ উইকেটে হারিয়ে এজবাস্টনে রোমাঞ্চকর গল্প লিখেছিল অজিরা। এবার মেয়েদের একমাত্র টেস্টেও সাফল্য পেলো অস্ট্রেলিয়া। সোমবার নটিংহ্যামে ৮৯ রানে স্বাগতিকদের হারিয়েছে তাদের নারী দল।
শেষ দিন ইংল্যান্ডের পাঁচ উইকেটের সবগুলো নিয়েছেন অ্যাশলেইগ গার্ডেনার। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৭৮ রানে অলআউট করতে ৮ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে পান চার উইকেট। এছাড়া ব্যাটিংয়ে ৪০ রানে অবদান রেখে প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন তিনি।
২৬৮ রানের লক্ষ্য ছিল ইংল্যান্ডের। শেষ দিন ৫ উইকেটে ১১৬ রানে খেলতে নামে তারা। ড্যানি উইয়াট ২০ রানে অপরাজিত থেকে নেমে হাফ সেঞ্চুরি করেন। তার একার প্রতিরোধ ভেঙে গেলে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৫৪ রান করেন উইয়াট।









