বিশ্বকাপ বাছাইয়ে প্রত্যাশিত ফল করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তারা জেনে গেছে, আগামী অক্টোবরের বিশ্বকাপে খেলতে পারবে না। সুপার সিক্সে ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচ ‘নিছক আনুষ্ঠানিকতা’। এই দুটি ম্যাচ না খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে যাচ্ছেন দুই তারকা জেসন হোল্ডার ও আলজারি জোসেফ।
আগামী জুলাই-আগস্টে ভারতের বিপক্ষে মাসব্যাপী পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে মানসিক ও শারীরিকভাবে ফিট থাকতে হোল্ডার ও জোসেফকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় দলের নির্বাচক ডেসমন্ড হেনেস বলেছেন এই কথা।
লেগস্পিনার ইয়ানিক ক্যারিয়াহ ট্রেনিংয়ে পাওয়া মুখের ইনজুরিতে বাছাই থেকে আগেই ছিটকে গেছেন। হোল্ডার ও জোসেফও ফিরে যাচ্ছেন। তাতে করে স্কোয়াডের সদস্য এখন কেবল ১৩ জন। সবশেষ দুই তারকাকে অব্যাহতি দেওয়ার পর স্থলাভিষিক্ত ঘোষণা করেনি উইন্ডিজ।
আগামী ১২ জুলাই ভারতের বিপক্ষে দুই টেস্টের প্রথমটি শুরু হবে। ২০ জুলাই দ্বিতীয় ম্যাচ। তারপর তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে দুই দল। শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের লডারহিলে।
এর আগে ৫ ও ৭ জুলাই ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।








