তিন সপ্তাহও নেই বিশ্বকাপ শুরু হতে। ইংল্যান্ডের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে হুট করে পরিবর্তন আনলেন নির্বাচকরা। বাদ দেওয়া হলো জেসন রয়কে, তার জায়গা নিয়েছেন হ্যারি ব্রুক।
২০১৯ সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রয়। ৩৩ বছর বয়সী ব্যাটারকে প্রাথমিক স্কোয়াডে ছিলেন। চলতি মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ রেখে সেই দলেও রাখা হয়েছিল তাকে।
তবে পিঠের সমস্যার কারণে চার ম্যাচের কোনোটিতে খেলতে পারেননি রয়। তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে ডেভিড মালান দুর্দান্ত ভূমিকা রাখেন। তিন ম্যাচে ৯২.৩৩ গড়ে ২৭৭ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন। লর্ডসে ম্যাচজয়ী সেঞ্চুরিও করেন।
তাতে করে বিশ্বকাপে জনি বেয়ারস্টোর সঙ্গে মালানকেই ওপেনিং জুটিতে দেখা যাচ্ছে। ১৫ জনের স্কোয়াডের বাইরে থাকা ব্রুক রিজার্ভ ব্যাটার হিসেবে অন্তর্ভুক্ত হলেন।
ইংল্যান্ড দল: জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি, জো রুট, মঈন আলী, রিসি টপলি, বেন স্টোকস, আদিল রশিদ, মার্ক উড, জস বাটলার (অধিনায়ক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন।









