প্রতিবারই চোকার্স তকমা মুছে ফেলার প্রত্যয় নিয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হয়ে থেমে যায় তারা। দলটির তারকা ব্যাটার ডেভিড মিলার এবার মনেপ্রাণে বিশ্বাস করছেন, প্রথম বিশ্বকাপ ট্রফি জিতে ইতিহাস তৈরি করার সুযোগ আছে তাদের।
আগামী ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। তার আগে বিবিসি স্পোর্ট-এর সঙ্গে আলাপচারিতায় মিলার বললেন, আসন্ন বিশ্বকাপে বিশেষ কিছু করার সুযোগ আছে তাদের সামনে। যদিও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জেতা তো দূরের কথা, ফাইনালেই ওঠেনি কখনও। সর্বোচ্চ তিনবার সেমিফাইনালে খেলেছে তারা, সবশেষ ২০১১ সালে।
মিলার অতীত নিয়ে ভাবছেন না, ‘আমরা আসলেই বিশ্বাস করি বিশেষ কিছু আমরা করতে পারবো। বাস্তবতা হলো আমরা একটিও বিশ্বকাপ জিতিনি। সেটা লুকানোর কিছু নেই। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিষয় মাথায় নিয়ে বেড়াই না। অতীত তো অতীত। এটা আমার ওপর একদম প্রভাব ফেলে না।’
বিশ্বকাপের আগে সবশেষ দুটি ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরি করে প্রস্তুতি সেরেছেন মিলার। ৪০৯০ রান করা ৩৪ বছর বয়সী ব্যাটার আসন্ন বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সমর্থকদের বিশ্বাস। তিনি বলেন, ‘আপনার সামনে কী আছে সেটাই ব্যাপার, পরের বল, পরের মুহূর্ত। আমি জানি অন্য ছেলেরাও একই মানসিকতার। এটাতে ইতিহাস তৈরির সুযোগ হিসেবে দেখছি আমরা। যদি ভালো খেলি, জানি আমাদের একটি সুযোগ আছে।’








