ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। বলিউডের মতো বিনোদনের প্রাণকেন্দ্র যে দেশটিতে, সেখানে বৈশ্বিক এই আয়োজনের উদ্বোধন জমকালো না হলে কী করে হয়। সেই চেষ্টাই করছেন আয়োজকরা। তবে চমক ধরে রাখতে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, জমকালো আয়োজনে উদ্বোধনী ম্যাচের আগের দিন অর্থাৎ ৪ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। ম্যাচ ডেতে সময় অপচয় না করে আয়োজন নির্বিঘ্নে রাখার কৌশলেই এমনটা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দশ দলের অধিনায়কও। আগেই জানা গেছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের পর্দা উঠবে। ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচটাও হবে একই স্টেডিয়ামে।
ভারতের মাটিতে হওয়ায় বলিউড দুনিয়ার মহাতারকারাও থাকছেন সেখানে। অভিনেতা ছাড়াও কিংবদন্তি কণ্ঠশিল্পীরা এদিন পারফর্ম করবেন। থাকছেন আশা ভোসলে, শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং। গুঞ্জন রয়েছে সুরকার-শিল্পী শঙ্কর মহাদেবনও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করবেন। পারফর্ম করার কথা বরুণ ধাওয়ান, রণবীর সিং ও তামান্না ভাটিয়ার মতো তারকাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে একটা প্রচলিত ধারা থাকে স্থানীয় সংস্কৃতি ফুটিয়ে তোলার দিকে। সেখানেও ব্যতিক্রম হচ্ছে না। যতটুকু জানা গেছে, গুজরাটের সংস্কৃতি ফুটিয়ে তোলার ক্ষেত্রে বিশেষ চেষ্টা থাকবে আয়োজকদের। অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।









