শঙ্কা ও সম্ভাবনার মিশেলে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

রবিউল ইসলাম
০৬ অক্টোবর ২০২৩, ২২:১৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ২২:১৪

ভারত বিশ্বকাপ ঘিরে স্বপ্নের ফানুস উড়ানো হচ্ছিল। হুট করেই সেই স্বপ্নের ফানুসে অমাবস্যার নিকষকালো অন্ধকার! অন্ধকার দূর করে আলোর দেখা পাবে তো বাংলাদেশ? বিশ্বকাপ শুরু হয়ে গেলেও বাংলাদেশ প্রথম ম্যাচ শনিবার, আফগানিস্তানের বিপক্ষে। ধর্মশালার চিরচেনা উইকেটে, চিরচেনা প্রতিপক্ষের সঙ্গে সাকিব আল হাসানের দল খেলবে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর ৫৬ হাজার বর্গ মাইলের মানুষের চোখ থাকবে ধর্মশালার দিকে। সাকিব-মুশফিক-শান্ত-তাসকিনরা কি প্রবল চাপ সামলে শুভ সূচনা করতে পারবেন?

বাংলাদেশকে নিয়ে এত শঙ্কা, এত ভয় কিসের? প্রশ্ন হতেই পারে। মাস দুয়েক আগেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে এতটা ভাবনা ছিল না। এই দলটি তো আইসিসি ওয়ানডে সুপার লিগে তিন নম্বরে থেকে ভারতে যাওয়ার টিকিট কাটে। গত তিন বছর দুর্দান্ত ক্রিকেট খেলে এরাই তো প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিশ্বকাপ সামনে আসতেই যেন দলটির হতশ্রী চেহারা ভেসে উঠলো! ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার, তিনবারের ফাইনালিস্ট হয়েও এশিয়া কাপের ব্যর্থতা যেন শঙ্কার দেয়াল তৈরি করেছে। 

শঙ্কা ও সম্ভাবনার মিশেলে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

কেবল পারফরম্যান্সে সীমাবদ্ধ থাকলে হতো, আড়াই বছর ধরে বিশ্বকাপ ঘিরে স্বপ্ন দেখা তামিম ইকবালের নানা নাটকীয় সিদ্ধান্তে টালমাটাল বাংলাদেশের ক্রিকেটে। সবচেয়ে বড় নাটকতো মঞ্চায়িত হয়েছে দল ঘোষণার দিন! টানা চারটি বিশ্বকাপ খেলা তামিমকে বাদ দিয়েই দল ঘোষণা করতে বাধ্য হয় নির্বাচক কমিটি। এরপর তামিমের ভিডিও বার্তা, অধিনায়ক সাকিবের একান্ত সাক্ষাৎকার- এসব কিছু মিলিয়ে উত্তাল হয়ে উঠেছিল ক্রিকেটপাড়া। বিশ্বকাপের আগে সাকিব-তামিম ইস্যুতে ক্রিকেট যেন ম্লান হয়ে গেছে। দলের শক্তি বা দুর্বলতার জায়গাগুলো নিয়ে আলোচনার ছিটেফোঁটাও ছিল না। যেন প্রবল কোনও ঝড়ে উত্তাল সাগরে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। প্রবল ঝড়ের মুখে পড়া জাহাজটিকে ‘নাবিক’ সাকিব কতখানি এগিয়ে নিতে পারেন, সেটাই দেখার।
 
তবে তামিমকে ‘ভুলে’ গিয়ে নিজেদের স্বপ্ন পূরণের অঙ্গীকারই যেন ক্রিকেটারদের চোখে মুখে। নিজেদের মনোযোগ ঠিক রাখতে গত দুই সপ্তাহ ধরে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন সাকিবরা। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও বিষয়টি স্বীকার করেছেন। টুর্নামেন্টে ভালো করতে ক্রিকেটারদের বাড়তি চাপে না ফেলতেই বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিবির এমন সিদ্ধান্ত! 

এতকিছুর পর গত কয়েকদিনে ক্রিকেটারদের কর্মকাণ্ডে স্পষ্ট, বিশ্বকাপে দারুণ কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা। সেটি হলে গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার পালা শেষ হবে। ১৯৯৯ থেকে ২০১৯- গেলো ছয় বিশ্বকাপের কিছু আসরে ভালো খেললেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারাই তাদের সেরা সাফল্য।  ২০১১, ২০১৫ ও ২০১৯- গত তিনটি বিশ্বকাপেই বাংলাদেশ জিতেছে তিনটি করে ম্যাচ। ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ হলেও আগেপরের দুই আসরে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। বৈশ্বিক এই ইভেন্টে বাংলাদেশের সেরা সাফল্য বলতে তিনটি করে ম্যাচ জয়। ভারত বিশ্বকাপে সেমিফাইনাল-ফাইনালের স্বপ্ন পূরণের আগে বাংলাদেশকে তিন ম্যাচের গেরো থেকে বেরিয়ে আসতে হবে। ভারত বিশ্বকাপে অন্তত পাঁচটি ম্যাচ জিততে পারলে সেটি হবে বাংলাদেশের বড় সাফল্য। 

ভারত বিশ্বকাপে বাংলাদেশের বড় স্বপ্নের শক্তি কোথায়? পারফরম্যান্স তো বটেই। বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ বাংলাদেশের। গত চার বছরে বিশ্বের সেরা গড় বাংলাদেশের পেসারদের। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমাদের সাথে তরুণ তুর্কি তানজিম হাসান সাকিব গড়ে দিতে পারেন পার্থক্য। সাবেক অধিনায়ক মাশরাফি তো স্বপ্নই দেখছেন বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে। পাশাপাশি বাংলাদেশর স্পিন বোলিং আক্রমণেও আছে বৈচিত্র। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সাথে আছেন সাকিবও। অফস্পিনিংয়ে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী হাসান। হাত ঘোরাতে পারেন অভিজ্ঞ মাহমুদউল্লাহও। সবকিছু মিলিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ হয়ে উঠতে পারে প্রতিপক্ষ ব্যাটাদের জন্য ত্রাস! 

শঙ্কা ও সম্ভাবনার মিশেলে শুরু বাংলাদেশের বিশ্বকাপ

ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা হয়তো থাকতে পারে। ভারত বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হলে এর মূল কারণ হবে দলের ব্যাটিং। দুশ্চিন্তার বড় কারণ ব্যাটারদের ফর্মহীনতা। বিশেষ করে লিটন দাস চেনা ছন্দে নেই। গত বছরটি স্বপ্নের মতো কাটালেও চলতি বছর ব্যাটে রান নেই তার। দলে নেই অভিজ্ঞ তামিম। তার না থাকায় লিটনেক রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি তরুণ ওপেনার তানজিদ তামিমকে দায়িত্ব নিতে হবে। মেকশিফট ওপেনার হিসেবে মিরাজ প্রস্তুত আছেন। তাকে যে কোনও পজিশনে খেলানোর মতো পরিস্থিতি তৈরি হওয়াতে টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও নির্ভার। এর বাইরে সাকিব, শান্ত, মুশফিক ও তাওহীদরা পরীক্ষিত। তারা অবদান রাখতে পারলে ব্যাটিং বিভাগে সাফল্যের নৌকা ভাসানো সম্ভব।

তবে সবকিছু ছাপিয়ে এই মুহূর্তে শুরুটা ভালো করা জরুরি বাংলাদেশের জন্য। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। বড় মঞ্চে আফগানিস্তান নিজেদের প্রমাণ করতে না পারলেও এই দলটি আগ্রাসী হতে পারে। বাংলাদেশ-আফগানিস্তান দুই দলই নিজেদের খুব ভালো করেই চেনে। শক্তি-দুর্বলতা সবটাই জানা প্রত্যেকের। সেক্ষেত্রে নিজেদের পরিকল্পনাগুলো ২২ গজে ঠিকঠাক মতো বাস্তবায়ন যারা করতে পারবে, তারাই হাসবে শেষ হাসি! আফগানদের বিপক্ষে শুরুটা ভালো করতে পারলেও সেই আত্মবিশ্বাস বয়ে নেওয়া সম্ভব হবে বাংলাদেশের। এই টুর্নামেন্টে বাংলাদেশকে ভালো করার প্রধান ‘রেসিপি’ হতে পারে আফগানিস্তানকে হারানো! 

প্রথম ছয় ম্যাচের মধ্যে অন্তত চারটি জিততে পারলে তখন হয়তো সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখা যাবে। দল হিসেবেও বাংলাদেশ উজ্জীবিত থাকবে। যা পরবর্তী ম্যাচগুলোতে প্রভাব রাখবে। সবচেয়ে বড় কথা এই ধরনের টুর্নামেন্টে মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। সাকিব আল হাসানের দলকে নিয়মিতভাবে এই কাজটা করতে হবে। সেটি সম্ভব হলেই প্রত্যাশা আর প্রাপ্তির সংমিশ্রণ ঘটানো সম্ভব হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের