পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। এশিয়া কাপে বাংলাদেশ সফর শেষে দেশে পৌঁছেই এমন মন্তব্য করেন বলে জানিয়েছে পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন।
শাহরিয়ার খান বাংলাদেশ সফরের বিষয়টি জানালেও কবে ও কখন সফরটি অনুষ্ঠিত হবে এ বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ পাকিস্তান সফরে আসতে রাজি হয়েছে। তারা লাহোর ও করাচিতে ম্যাচগুলো খেলতে চাইছে।’
এ সময় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন শাহরিয়ার। তিনি বলেন, ‘পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে। আর আমাদের দলের নিরাপত্তার বিষয়টি পুরোপুরিই ভারত সরকারের। আমরা ২০০৪ ও ২০০৬ সালে ভারতকে উচ্চ মাত্রার নিরাপত্তা দিয়েছিলাম। আশা করছি তারাও সেটা করবে।’
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তান সফর করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জাহানারা আলমরা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয় করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে। আর ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার পর এটাই ছিল বাংলাদেশের পক্ষ থেকে প্রথম সফর।
/এফআইআর/








