গুজরাট টাইটান্সকে প্রথমবারেই আইপিএল শিরোপা জেতান হার্দিক পান্ডিয়া। গত আসরেও তার নেতৃত্বে ফাইনাল খেলেছিল দলটি। ২০২৪ সালের আইপিএলে দল পাল্টে পুরোনো ঠিকানায় ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে শেষ মুহূর্তে দলে টানে। তারপর থেকেই গুঞ্জন ওঠে, রোহিত শর্মা তার কাছে অধিনায়কত্ব হারাচ্ছেন। হলোও তাই।
মুম্বাইয়ে রোহিতের এক দশকের সাফল্যমণ্ডিত অধিনায়কত্বের শেষ হলো। হার্দিকের নেতৃত্বে আগামী আইপিএল খেলবে যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি শিরোপা জয়ী দল।
এই নেতৃত্ব পরিবর্তন অপ্রত্যাশিত ছিল না। হার্দিককে অধিনায়কত্ব দেওয়ার পরিকল্পনা মাথায় রেখে গুজরাট থেকে তাকে আনা হয়েছে। অবশ্য মুম্বাইয়ের হয়ে খেলে যাবেন রোহিত।
আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে রোহিত ১৬৩ ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৯১ ম্যাচ, চারটি টাই ও হার ৬৮টিতে। তার অধিনায়কত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে ফাইনাল খেলে সবগুলোতে জেতে মুম্বাই। সবশেষ আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের কাছে হেরে বিদায় নেয় তার দল।








