বিশ্বকাপে ভরাডুবির পর অধিনায়কত্বে বদল এনেছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। কুশল মেন্ডিসকে দেওয়া হয়েছে ওয়ানডে সিরিজের দায়িত্ব। দুই ফরম্যাটেই ডেপুটি অধিনায়কের দায়িত্ব পালন করবেন চারিথ আসালাঙ্কা।
এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে চোটের কারণে খেলা হয়নি হাসারাঙ্গার। ফলে ঘরের মাঠে আগামী মাসে হতে যাওয়া সিরিজ দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। তিনি নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার স্থলাভিষিক্ত হয়েছেন। ৬ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের প্রাথমিক স্কোয়াডে শানাকাও রয়েছেন।
বিশ্বকাপে শানাকা ইনজুরি আক্রান্ত হলে দুই ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন মেন্ডিস।
ওয়ানডে বিশ্বকাপটা ভুলে যেতে চাইছে শ্রীলঙ্কা। দশ দলের টুর্নামেন্টে হয়েছে নবম। সেই হতাশা কাটিয়ে উঠতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নতুন নির্বাচক কমিটি গঠন করেছে। যার প্রধান সাবেক ওপেনার উপুল থারাঙ্গা। কমিটিতে রয়েছেন সাবেক ক্রিকেটার অজন্তা মেন্ডিসও। তাছাড়া সাবেক অধিনায়ক ও গ্রেট সনাথ জয়াসুরিয়াকে এক বছরের চুক্তিতে ক্রিকেট পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।








