অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক টেস্ট জয়ে অবদান রাখার পুরস্কার পেলেন পেস সেনসেশন শামার জোসেফ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
অজিদের বিপক্ষে অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়ে নজর কাড়েন শামার। তার পর ব্রিসবেনে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় এনে দিয়েছেন। গায়ানায় ২৪ বছর বয়সীকে বীরোচিত সংবর্ধনাও দেওয়া হয়েছে। এতদিন বোর্ডের সঙ্গে তার চুক্তিটা ছিল ফ্র্যাঞ্চাইজ ফিত্তিক। এবার তাকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রিটেইনার কন্ট্রাক্টে তুলে আনা হয়েছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর এনক লুইস বলেছেন, ‘তার অসাধারণ প্রতিভা ও অবিচল নিবেদনই গ্যাবায় আমাদের সাম্প্রতিক জয়ের ভিত্তি হিসেবে কাজ করেছে। এই ধরনের প্রতিশ্রুতিশীল প্রতিভার স্বীকৃতি প্রয়োজন। শামারকে রিটেইনার কন্ট্রাক্ট দেওয়া হয়নি, সেটা সে অর্জন করেছে।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ২৫ বছর বয়সী বারবাডোজ ফাস্ট বোলার চেমার হোল্ডারকে আবার ফ্র্যাঞ্চাইজ চুক্তির আওতায় এনেছে।








