১ উইকেটে ১৯৯ রান। স্কোরবোর্ড যখন এমন সাজে, তখন বড় কিছুর আশা করা বাড়াবাড়ি নয়। আফগানিস্তান আশাবাদী হয়ে চতুর্থ দিন খেলতে নেমেছিল। কিন্তু প্রবাথ জয়াসুরিয়ার স্পিন এলোমেলো করে দিলো সবকিছু। কলম্বোতে আফগানরা দ্বিতীয় ইনিংসে লিড নিতে পারলেও লক্ষ্য বড় করতে পারেনি। কোনও উইকেট না হারিয়ে একমাত্র টেস্ট জিতেছে শ্রীলঙ্কা।
১০১ রানে ইব্রাহিম জাদরান ও ৪৬ রানে রহমত শাহ সোমবারের খেলা শুরু করেন। আসগর আফগানকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠবার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন রহমত। তারপর আর বেশিদূর আগাতে পারেননি। ১১৯ বলে ৫৪ রান করে কাসুন রাজিথার শিকার তিনি।
ইব্রাহিমকে ১১৪ রানে ফিরিয়ে আফগানদের শেষ প্রতিরোধ ভেঙে দেন প্রবাথ। লাঞ্চের আগে আরও তিন উইকেট তুলে নেন লঙ্কান অফস্পিনার। তাতে ৭ উইকেটে ২৫১ রানে শেষ হয় আফগানদের প্রথম সেশন।
দ্বিতীয় সেশনে নাভিদ জাদরানকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নেন প্রবাথ। সফরকারীদের ইনিংস তিনশতে পৌঁছানোর আগে বাকি দুই উইকেট পড়ে যায়। ৮২ রানের ব্যবধানে শেষ ৯ উইকেট পড়ার পথে নাসির জামাল একাই লড়াই করেন, ৪১ রানে অপরাজিত ছিলেন মিডল অল্ডার ব্যাটার।
আফগানিস্তান ২৯৬ রানে অলআউট হলে শ্রীলঙ্কা পায় মাত্র ৫৬ রানের লক্ষ্য। সময়ক্ষেপণ করেনি স্বাগতিকরা। অষ্টম ওভারের দ্বিতীয় বলে জয় নিশ্চিত করে তারা। ওপেনার দিমুথ করুণারত্নে ও নিশান মাদুশকা ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে যথাক্রমে ৩২ ও ২২ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ইনিংসে ৬৭ রান খরচায় ৩ উইকেট নেন প্রবাথ। দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারে সপ্তমবার ফাইফার অর্জন করেন। ১০৭ রান দিয়ে নেন ৫ উইকেট। ম্যাচসেরার পুরস্কার উঠেছে ৩২ বছর বয়সী স্পিনারের হাতে।









