ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় লড়াই মনে করা হয় ভারত-পাকিস্তান ম্যাচকে। এই ম্যাচ নিয়ে চারদিকে চলে কথার লড়াই। অস্ট্রেলিয়া-ইল্যান্ডের মধ্যে যেমন অ্যাশেজ নিয়ে বিস্তর আলোচনা হয়। কিংবা ফুটবলে মেসি কিংবা রোনলদোর মুখোমুখি নিয়ে ভক্তরা অনেক আলোচনা করেন। বাংলাদেশের ক্রিকেটে নতুন করে সাকিব-তামিমকে নিয়ে সেই আলোচনাই হচ্ছে। এই দুই ক্রিকেটারের মাঠের লড়াইয়ের পাশাপাশি কথার যুদ্ধও চলছে সর্বত্র।
ম্যাচে দুই দলের ক্রিকেটারদের শরীরি ভাষাতেও ফুটে উঠে আগ্রাসন। চলতি বিপিএলে তিনবার মুখোমুখি হয়েছেন সাকিব-তামিম। তিন লড়াইয়ে দুইবার জিতেছে তামিমের বরিশাল। দুইজনের মাঠের লড়াই গ্যালারিতে শোভা পাচ্ছে। তামিম ভক্তরা সাকিবকে দিচ্ছেন দুয়োধ্বনি, অন্যদিকে সাকিব ভক্তরা তামিমকে দিচ্ছেন দুয়োধ্বনি। এইসব দেখে অবশ্য বিরক্ত মুশফিকুর রহিম।
এক প্রশ্নের জবাবে মুশফিক জানিয়েছেন, 'সাকিব-তামিম ভুয়া হলে আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত।' আমাদের বলতে নিজেদের বুঝিয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। বিরক্ত কণ্ঠে মুশফিক বলেছেন, ‘দুজনে দুই দিক থেকে বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটার। তাদেরকে নিয়ে যুদ্ধ দূরের কথা, কথা বলাটা অনৈতিক। তারা যতটুকু বাংলাদেশের জন্য দিয়েছে এবং আরও দিবে এটা আনপ্যারালাল। যারা কথা বলেন, ইভেন ভুয়া-ভুয়া বলেন, সাকিব আর তামিম যদি ভুয়া হয় তাহলে আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত।’
ফাইনালে ওঠার লড়াই সবচেয়ে বেশি আলোচনা ছিল সাকিব-তামিমদের নিয়ে। অথচ তারাই ছিলেন নিষ্প্রভ। দলের কঠিন মুহূর্তে দারুণ এক ইনিংস খেলে মুশফিক দলকে জিতিয়েছেন। তিনি মনে করেন আলোচনার বাইরে থেকে দলকে জেতানো দারুণ ব্যাপার, ‘সত্যি কথা বলতে এরকম বড় ম্যাচে যদি একজন লাইম লাইট নিয়ে থাকে সবচেয়ে রিলাক্স থাকা যায়। দুইজন দুজনের যুদ্ধ করবে, আমরা আমাদের মতো থাকবো। সত্যি কথা। দুজনই অনেক রিলাক্স ছিল, দুজনে ছিল দুজনের মতো, তারা দুজনে জানে তারা কত বড় কন্ট্রিবিউটর (অবদান রাখেন) তাদের নিজেদের টিমের জন্য।’









