‘চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রত্যেকেই প্রস্তুত’

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৩ মার্চ ২০২৪, ২২:৪১আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২২:৪১

বাংলাদেশের ক্রিকেটে কত অধিনায়ক এসেছেন, আবার কতজন অতীতও হয়ে গেছেন। অনেকের হাত ধরেই এসেছে সাফল্য, আবার অনেকে দলকে কিছুই দিতে পারেননি। সোমবার বাংলাদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছেন নাজমুল হোসেন শান্ত। সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে ২২ গজের লড়াইয়ে সেরাটা বের করতে আনতে বদ্ধপরিকর তিনি।

সিলেটের সবুজ গালিচায় শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি লড়াই শুরু হচ্ছে। এই সিরিজ দিয়েই চলতি বছর বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজের ব্যস্ত মৌসুম শুরু হবে। গত কয়েক বছর ধরে ভারপ্রাপ্ত হিসেবে বাংলাদেশের দায়িত্ব সামাল দিলেও এই সিরিজ থেকে স্থায়ী হয়েছেন শান্ত। সোমবার যখন টস করতে যাবেন, মনের গহীনে নিশ্চয়ই অন্য কিছু খেলা করবে তার। রবিবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে গেছেন তিনি।   

লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। প্রতিপক্ষ দল অভিজ্ঞ-তরুণদের সংমিশ্রণে গড়া হয়েছে। শান্ত জানিয়েছেন, লঙ্কান দলে কে বা কারা আছে, সেটি নিয়ে তিনি বিন্দুমাত্র ভাবছেন না। তার পুরো মনোযোগ নিজেদের নিয়ে, ‘আলাদাভাবে চিন্তা করছি না। দলে যেসব খেলোয়াড় আছে সবার স্পিন খেলা বিকশিত হয়েছে। প্রত্যেকটা খেলোয়াড়ের আলাদা পরিকল্পনা থাকা জরুরি। কোনও বোলার নিয়ে আলাদা চিন্তা করে ব্যাটিং গ্রুপ আমরা করছি না। আমার মনে হয় না খুব কঠিন হবে আমাদের জন্য। চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রত্যেকেই প্রস্তুত।'

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই মানেই এখন বাড়তি উত্তেজনা, বাড়তি উন্মাদনা। ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকে শুরু। এরপর যতবারই মুখোমুখি হয়েছে দুই দল। সব ম্যাচেই উত্তেজনা ছড়িয়েছে। শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডের মতো বাংলাদেশের অধিনায়ক শান্তও পুরোনো অতীত নিয়ে পড়ে থাকতে চান না, ‘মাঠের বাইরের বিষয় নিয়ে চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে, হয়েছে। আমার মনে হয় খুব ভালো সিরিজ হবে। দুটো দল জেতার জন্য খেলবে। আমরা আমাদের কাজটা করছি, জেতার জন্য যা যা করা দরকার করছি, করবো।'

শান্ত আরও বলেছেন, ‘চাপ অনুভব করছি না। আমাদের খেলায় আমরা ফোকাস করছি। আমাদের হাতে যেটা আছে, যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেটা নিয়েই ভাবছি, সেটাই করবো। চাপ... প্রত্যেক আন্তর্জাতিক সিরিজই চাপ। সেটা আমাদের জন্য, প্রতিপক্ষ দলের জন্যও। সবাই পর্যাপ্ত পরিণত এগুলো সামলানোর জন্য।'

পাক্কা দেড় মাস ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট লড়াই শেষ হয়েছে একদিন আগে। দুইদিনের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটে নামতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। টানা ধকল সামলে খেলার যেমন চ্যালেঞ্জও আছে, তেমনই বিপিএল থেকে সোজা আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি ওভারের ফরম্যাটে খেলার সুবিধাও আছে। শান্ত সবকিছুই ইতিবাচকভাবে দেখছেন।

শান্ত বলেছেন, ‘খুবই গুরুত্বপূর্ণ যে এতবড় টুর্নামেন্টের পরপরই আমরা আবার টি-টোয়েন্টি দিয়ে শুরু করছি। পরিকল্পনা করা সবার জন্য সহজ হবে, কারণ আমরা এই সংস্ক্ররণটাই খেলে এসেছি। সিরিজ জেতার জন্য শতভাগ বিশ্বাস আছে।’

অন্যদিকে টানা খেলার ধকল নিয়ে ইতিবাচক উত্তরই দিয়েছেন তিনি, ‘না, না। আমার মনে হয় এখন বাংলাদেশ ক্রিকেট যে জায়গায়, সবাই ওইভাবে মেইন্টেন করে মানসিকভাবে, শারীরিকভাবে। আমার মনে হয় না এটা নিয়ে কেউ চিন্তা করছে বা ক্লান্ত।'

স্পিনার আলিস আল ইসলাম ইনজুরিতে পড়ায় তার বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক। ধারণা করা হচ্ছিল, আলিস ছিটকে যাওয়ার পর বিপিএলে দারুণ পারফরম্যান্স করা সাইফউদ্দিনকে দলে নেওয়া হবে। কিন্তু নেওয়া হয়েছে জাকেরকে। তিনিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয় দারুণ পারফরম্যান্স করেছেন। মূলত স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটার কম থাকায় জাকেরকে নেওয়া হয়েছে।

জাকেরকে নেওয়ার কারণ হিসেবে শান্ত বলেছেন, 'আমাদের পর্যাপ্ত স্পিনার আছে। রিশাদ খুব ভালো বল করেছে। ব্যাটার জাকের আলীকে নেওয়ার কারণ আমার মনে হয়েছে দলে মিডল অর্ডার ব্যাটার দরকার। নির্বাচক, কোচ সবারই মনে হয়েছে আরেকটা মিডল অর্ডার ব্যাটার দরকার। সেই কারণেই জাকেরকে নেওয়া।'

অন্যদিকে সাইফকে বাদ দেওয়ার পেছনে শান্তর যুক্তি, ‘সাইফউদ্দিনের ব্যাপার যেটা মনে হয়, ইনজুরি থেকে আসার পর খুব ভালোভাবে ফিরেছে। তবে ইনজুরি থেকে আসার পর এরকম একটা সিরিজ খেলা আমাদের ফিজিও যারাই ছিলেন, সবার মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ হবে। আশা করছি এরকম লেগে থাকবে, সামনে ডিপিএল আছে। তাহলে সুযোগ থাকবে।'

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে