২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ পান্ত। সেই ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চেষ্টা করছিলেন তিনি। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আইপিএলে খেলার জন্য ভারতীয় এই ব্যাটার পুরোপুরি ফিট। টুর্নামেন্টে উইকেট কিপিংও করতে পারবেন তিনি।
পান্তের ফিটনেস নিয়ে সুখবর দিলেও মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে দুঃসংবাদই শুনিয়েছে তারা। আইপিএল থেকে ছিটকে গেছেন দুজনেই। আরেক অভিজ্ঞ ব্যাটার লোকেশ রাহুলের ব্যাপারে কোনও তথ্য দিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লাখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর ইনজুরিতে আর খেলতেই পারেননি।
গতকাল পান্তের ব্যাপারে বিসিসিআই সাধারণ সম্পাদক জয় শাহ বলেছিলেন, ‘পান্ত ব্যাটিং এবং কিপিংটা ভালো মতোই করছে।’
শাহ আরও বলেছিলেন, ‘পান্ত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে সেটা আমাদের জন্য বিশাল ব্যাপার। কারণ সে আমাদের বড় সম্পদ।’ এক্ষেত্রে বিশেষ শর্তও প্রযোজ্য ছিল তার ওপর। শাহ বলেছিলেন, ‘পান্ত যদি কিপিং করতে পারে, তাহলে বিশ্বকাপেও সে খেলতে পারবে। এখন দেখা যাক আইপিএলে সে কেমন করে।’









