এশিয়া কাপের ফাইনালে বেশিরভাগ সময়ই বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেছেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। সেখানে দাঁড়িয়ে রীতিমতো স্বাগতিক দর্শকদের ‘দুয়োধ্বনি’ শুনতে হয়েছে তাকে। দর্শকদের দুয়োধ্বনির জবাব অবশ্য ব্যাট দিয়ে দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোহলি স্টার স্পোর্টসকে জানান, দর্শকদের দুয়োধ্বনি তাকে ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, ‘ফিল্ডিংয়ের সময় দর্শকদের সঙ্গ বেশ উপভোগ করছিলাম। কারণ তারা আমার বিপক্ষে ছিলেন। এটা আমাকে ভালো করতে উৎসাহ দিচ্ছিল। তারা দুয়োধ্বনি দিচ্ছিলেন। যতই তারা দুয়োধ্বনি দিচ্ছিলেন, ততই আমি ভালো করতে অনুপ্রাণিত হচ্ছিলাম।’
ফাইনালে বাংলাদেশের দেওয়া ১২১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। সেখান থেকে শেখর ধাওয়ান ও বিরাট কোহলি ৯৪ রানের জুটি গড়েন। তাদের জুটিতে ভারত জয়ের ভীত পায়।
ম্যাচ শেষে নিজেদের ব্যাটিং পরিকল্পনার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতিটা একটু কঠিন ছিল। শুরুতেই রোহিত আউট হয়ে যান। শেখর যেভাবে ব্যাটিং করেছেন, তার জন্য তাকে ক্রেডিট দিতে হবে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তিনি তার সেরা খেলাটা খেলেছেন। আমাদের ৯৪ রানের জুটি ম্যাচের দৃশ্যপট পাল্টে দেয়। আমি ব্যাটিংয়ের সময় গ্যাপ খুঁজছিলাম। বাউন্ডারি মারছিলাম গ্যাপ খুঁজে।’
/আরআই/এমআর/এমএনএইচ/







