এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে দুই বার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি টাইগারদের। এশিয়া কাপ তাই তাদের কাছে এক আক্ষেপের নাম। তবে অত আক্ষেপের সময় কোথায় মাশরাফি-সাকিবদের!
আগামী বুধবার থেকে শুরু হচ্ছে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। আগামীকালই ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন মাশরাফিরা। বিসিবি সূত্রের খবর, সোমবার সকাল সোয়া দশটায় ঢাকা থেকে জেড এয়ারওয়েজে দিল্লি যাবেন মাশরাফিরা। ওখান থেকে নিজস্ব বিমানে চেপে ধর্মশালায় যাবেন তারা। সেখানে ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
এক কথায় এশিয়া কাপ শেষেও দম ফেলার বিন্দুমাত্র সময় নেই টাইগারদের। পরিস্থিতি কঠিন হলেও এটাকে সহজ ভাবে নিচ্ছেন মাশরাফি। শনিবার ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি এ প্রসঙ্গে জানান, ‘এটা কঠিনতো বটেই। এছাড়া আমাদের আর কিছু করার নেই। ৬ তারিখে গিয়ে একদিন বাড়তি সময় পেলে হয়তো ভালো হতো।’
সমস্যা হলেও তরুণ ক্রিকেটারদের জন্য এটা ভালো হয়েছে বলে মনে করেন মাশরাফি। তার মতে, ‘তরুণদের জন্য এটা ভালো হয়েছে, ক্যারিয়ারের শুরুতেই এত বড় ম্যাচে খেলা মানে তারা এখন থেকেই মানসিকতা গড়ে তুলতে পারবে। পেশাদার ক্রিকেটার হিসেবে এভাবেই নিজেদের তৈরি করতে হবে। এটার মধ্যে আনন্দ আছে। এশিয়া কাপের ফাইনালে না উঠলে হয়ত এই ফ্লেভারগুলো পেতাম না, চলে যেতাম। এখন আমার মনে হয় সবাই এটা উপভোগ করছে।’
/এমআর/








