গত বছর আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন যশপ্রীত বুমরা। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর বল হাতে গতির ঝড় তুলেছেন আইপিএলে। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে শীর্ষ বোলারের পুরস্কার পার্পল ক্যাপ জয়ের অবস্থানে ভারতের এই পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরা সব ব্যাটারদের ভোগাবেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার।
এবারের আইপিএলে বুমরার দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায় সবার আগে নিশ্চিত হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়নরা ভালো করতে না পারলেও ভারতীয় পেসার বল হাতে ছিলেন দুর্দান্ত। ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন না খেললেও তার আইপিএলের পারফরম্যান্স ভারতকে আশাবাদী করে তুলছে। গুজরাট টাইটান্সের ব্যাটার মিলারের মতে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সব ব্যাটারদের জন্য হুমকি হবেন বুমরা।
৬২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ উইকেট পাওয়া বুমরাকে নিয়ে মিলার বলেছেন, ‘অনেক ভালো ভারতীয় খেলোয়াড় আছে। কিন্তু একজন ব্যাটার হিসেবে যেসব বোলারদের মুখোমুখি আমি হয়েছি, আমার মনে হয় এই মুহূর্তে বুমরা ভালো বোলিং করছে। সে অনেক বছর ধরে একজন বিশ্বমানের বোলার। সে আমার কাছে হুমকি, এমনকি বিশ্বকাপে অন্য সব ব্যাটারদের কাছেও।’









