কুড়ি ওভারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য দুটি ম্যাচ জয়। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে ওই জয়গুলো পেয়েছিল বাংলাদেশ। এর বাইরে প্রতি আসরেই হারের গল্পই তৈরি করেছে লাল-সবুজ জার্সিধারীরা। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আরও একটি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। কিন্তু দলটির সাম্প্রতিক পারফরম্যান্স চিন্তার খোরাক যোগাচ্ছে। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশা করছেন, সতীর্থরা ২২ গজে নিজেদের পরিকল্পনাগুলো শতভাগ বাস্তবায়নের মাধ্যমে দলের জয়ে ভূমিকা রাখবেন।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অস্বস্তিকর পারফরম্যান্সের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শান্তদের অসহায় আত্মসমর্পণ। সবকিছু মিলিয়েই বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা কেমন হচ্ছে, সেটি দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। শনিবার সকালে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি চ্যালেঞ্জিং হবে উল্লেখ করে শান্ত বলেছেন, ‘অবশ্যই ম্যাচ চ্যালেঞ্জিং হবে, দুইটা দলের জন্যই। কিন্তু ওইদিনে যে দল ভালো খেলবে তারাই জিতবে। দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। খুব বেশি চিন্তা না করে, আমাদের পরিকল্পনাগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। সবাই খুব ভালো মতো প্রস্তুতি নিচ্ছে। আমি আশা করি, সবাই খুব ভালোভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়েছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচটিতে হেরে এই মুহূর্তে কঠিন চাপে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। শ্রীলঙ্কার এই চাপ বাংলাদেশের জন্য সুযোগ কিনা, এমন প্রশ্নে শান্ত বলেছেন, ‘আমি জানি না। কিন্তু আমরা এটা ভাবছি না যে ওরা কী ভাবছে বা তাদের মনে কী চলছে। আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করছি। আমাদের নিজেদের শক্তিমত্তা দিয়ে খেলতে হবে। হ্যাঁ, তারা ম্যাচে ভালো করেনি। তবে আমাদের ভাবনাতে তাদের পারফরম্যান্স নেই, নিজেদের নিয়েই আমাদের ফোকাস।’
বাংলাদেশের টপ অর্ডারদের পারফরম্যান্স ছন্নছাড়া। গত কয়েক ম্যাচে টপ অর্ডারদের ব্যর্থতায় শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে দলকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের ভালো খেলতে হবে। নয়তো আরও একটি হার বাংলাদেশের নামের সঙ্গে যুক্ত হবে। বিগত কিছুদিনে টপ অর্ডার ব্যর্থ হলেও শান্তর আশা নতুন ম্যাচে, নতুন দিনে ভালো কিছু করতে মুখিয়ে বাংলাদেশের টপ অর্ডার।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘খুবই সত্যি যে সম্প্রতি টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। কিন্তু কালকের (শনিবার) দিনটা পুরো একটা নতুন দিন। এবং আপনি যেটা বললেন যে, প্র্যাকটিসে যার যে জায়গায় ঘাটতি আছে, শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেট দেখে বা নেটে আমরা যতটুকু ব্যাটিং করেছি সবাই, তাতে মনে হয়েছে সবাই আগের থেকে ভালো অবস্থায় আছে। নতুন দিনে যে শুরুটা ভালো করবে, তার দায়িত্ব হবে ইনিংসটা চালিয়ে নেওয়া। আমি আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে, ওটা বাস্তবায়ন করতে পারলে ভালো কিছু হবে।’
টপ অর্ডার ব্যাটাররা রানে ফিরতে আলাদা কি করছে এমন প্রশ্নে শান্তর উত্তর, ‘আর টপ অর্ডাররা আলাদা করে কোনও কিছু করেছে কি না এটা আসলে ব্যক্তিগতভাবে যে যার মতো পরিকল্পনা করেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে দেখে যতটুকু মনে হচ্ছে অতিরিক্ত কোনও কিছু চেষ্টা করেনি। যার যে শক্তিমত্তা আছে ওটা কীভাবে ম্যাচে প্রয়োগ করতে পারে ওই জিনিসটা নিয়ে কাজ করেছে।’
বৃষ্টির কারণে বাংলাদেশ দল খুব বেশি প্রস্তুতি নিতে পারেনি। ইনডোরেই অনুশীলন চালাতে হয়েছে গোটা দলকে। যদিও শান্ত প্রস্তুতির কোনও ঘাটতি দেখছেন না, ‘না প্রস্তুতির দিক দিয়ে যদি বলতে চান সবাই ভালোমতো প্রস্তুত। আমার মনে হয় যতটুকু সুবিধা ছিল ওটা আমরা পুরোটাই নেওয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবে। কিন্তু এর ভেতর থেকে যতটুকু ভালো জিনিস নেওয়া যায় অনুশীলন থেকে ওই জিনিসটা আমরা নেওয়ার চেষ্টা করেছি। এবং আমি মনে করি যে, খুব ভালোভাবে খেলোয়াড়রা প্রস্তুত আছেন।’









