টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই থেকে ছিটকে গেলো স্কটল্যান্ড। জিম্বাবুয়ের কাছে বৃহস্পতিবার ১১ রানে হেরেছে দলটি। ফলে দুই ম্যাচ হেরেই বিদায় নিতে হচ্ছে স্কটল্যান্ডকে। আর টানা দুই ম্যাচ জিতে পরের পর্বে যাওয়ার পথ সুগম করে রাখলো জিম্বাবুয়ে।
১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯.৪ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে রিচার্ড ব্যারিংটনের ব্যাট থেকে। জিম্বাবুয়ের পক্ষে একাই ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ওয়েলিংটন মাসাকাদজা।
এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে মাসাকাদজার দল।
নাগপুরে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। তবে এক প্রান্ত আগলে রেখে খেলেন শন উইলিয়ামস। তার উল্লেখযোগ্য ৫৩ রানের ইনিংসে ১৪৭ রান করতে পারে জিম্বাবুয়ে। উইলিয়ামসের ইনিংসে ছিল ৬টি চার। এছাড়া ২০ রান করেন এলটন চিগুম্বুরা আর অধিনায়ক মাসাকাদজা করেন ১২ রান।
স্কটল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স, মার্ক ওয়াট ও সাফিয়ান শরিফ।
উল্লেখ্য, স্কটল্যান্ড প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৪ রানে হারে।
/এফআইআর/








