নারী এশিয়া কাপে বাংলাদেশ দল ব্যর্থ হলেও ব্যক্তিগত ভাবে সফল ছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গ্রুপ পর্বে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেখানে শক্তিশালী ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। দল ব্যর্থ হলেও নিগার দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। বাংলাদেশের অধিনায়কের অবস্থান ১৪ নম্বরে।
মঙ্গলবার প্রকাশিত নারী ক্রিকেটারদের র্যাঙ্কিং হালনাগাদে দেখা যায়, তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন জ্যোতি। এশিয়া কাপে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে ব্যাটিং করার সুযোগ পান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ বলে ৪৮ রানের ইনিংসের পর থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৩৭ বলে ৬২ রানের পর সেমিফাইনালে ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে ৫১ বলে করেছেন ৩২।
জ্যোতি ছাড়াও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারের। ১০ ধাপ এগিয়ে ৯৫ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়া মেয়েরের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। শ্রীলঙ্কাকে এশিয়া কাপ জেতাতে বড় ভূমিকা রাখা চামারি আতাপাত্তু তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ছয় নম্বরে। ভারতের স্মৃতি মান্ধানা এক ধাপ এগিয়ে আছেন চারে।









