শেষ পাঁচ বলে দরকার ৬ রান। প্রথম দুই বলে এলো একটি করে রান। একটু স্নায়ুচাপে পড়েছিল লন্ডন স্পিরিট। দীপ্তি শর্মা সব দুশ্চিন্তা দূর করে দিলেন। ৯৮তম বলে লং অন দিয়ে ছক্কা মেরে দিলেন ভারতীয় ক্রিকেটার। দুই বল বাকি থাকতে নারীদের দ্য হান্ড্রেডের ফাইনালে ওয়েলশ ফায়ারকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো লন্ডন।
১১৬ রানের লক্ষ্যে নেমেছিল লন্ডন। শাবনিম ইসমাইল ২০ বলে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তাদের একটু চাপে ফেলেন। তবে জর্জিয়া রেডমায়েন ইনিংস সেরা ৩৪ রান করে লন্ডনকে পথে রাখেন। এছাড়া অধিনায়ক হিদার নাইটের ২৪, ড্যানিয়েল গিবসনের ২২ ও দীপ্তির অপরাজিত ১৬ রান দারুণ জয় এনে দেন। ৬ উইকেটে ১১৮ রান করে লন্ডন।
এর আগে ব্যাটিংয়ে নেমে জেস জোনাসেনের ৪১ বলে ৫৪ রানের একার লড়াইয়ে ৮ উইকেটে ১১৫ রান করে ওয়েলশ। এছাড়া অধিনায়ক ট্যামি বিউমন্ট ২১ ও হেলি ম্যাথিউসের ২২ রান উল্লেখযোগ্য অবদান রাখে।
লন্ডনের পক্ষে ইভা গ্রে ও সারাহ গ্লেন দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন রেডমায়েন।









