গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর দেশে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে আগামী অক্টোবরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার বিষয়টি ঝুলে পড়েছে। কারণ বেশ কিছু অংশগ্রহণকারী দেশ বাংলাদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি মনে করেন, বাংলাদেশে বিশ্বকাপ খেলা ভুল কাজ হবে।
আগামীকাল ২০ আগস্ট আইসিসি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এরই মধ্যে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার নাম উঠে এসেছে। শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশের বাইরে যাচ্ছে কি না, তা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হিলি। অজি অধিনায়কের মতে, তার ও অন্য দলগুলোর জন্য বাংলাদেশে খেলা ঠিক হবে না। কারণ দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়ান সরকার।
হিলির উদ্ধৃতি দিয়ে এএপি বলেছে, ‘ওখানে এই মুহূর্তে খেলা কষ্টকর হবে মনে করি আমি। একজন মানুষ হিসেবে, আমার উপলব্ধি সেটা হবে ভুল কাজ।’
তিনি আরও বলেন, ‘একটি দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে, তারা সত্যিই সংগ্রাম করছে। তাদের পাশে প্রত্যেকের দাঁড়ানো দরকার। এই মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট টুর্নামেন্টের চেয়েও ভাবার জন্য অনেক বড় ব্যাপার আছে। কিন্তু আমি এটা আইসিসির ওপর ছেড়ে দেবো।’









