ঘরের মাঠে ১০ উইকেটে প্রথমবারের মতো পরাজয়। বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে এমন লজ্জাজনক হার কোনওভাবেই নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাছাড়া টেস্টে ২০২১ সালের পর থেকেও দলটি জয়হীন। সর্বশেষ হারে পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে। সাবেক পাক ক্রিকেটার রমিজ রাজা ও শহীদ আফ্রিদিরা শান মাসুদের নেতৃত্বাধীন দলটির সমালোচনা করেছেন। বিশেষ করে পরিকল্পনায় গলদ ছিল বলে মনে করছেন তারা। দুজনেই মনে করছেন, একাদশ নির্বাচনের পাশাপাশি গেম অ্যাওয়েরনেসের ঘাটতি ছিল। বিশেষ করে রাওয়ালপিন্ডিতে যে ধরনের পিচ প্রস্তুত করা হয়েছে সেটার ওপর ভিত্তি করে। তাতে সফরকারী বাংলাদেশের স্পিনকেই বেশি সুবিধা দিয়েছে। তুলনায় চার পেসার নিয়ে খেলা স্বাগতিকরা কোনও সুবিধাই আদায় করতে পারেনি!
সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘প্রথমত, দল নির্বাচনে পাকিস্তানের ভুল ছিল। তাছাড়া কোনও স্পিনারই রাখা হয়নি! দ্বিতীয়ত, তার ওপর যে পেস শক্তির ওপর আমাদের নির্ভরতা, সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে।’
তিনি মনে করেন এই ধরনের ভরাডুবি এশিয়া কাপেই শুরু হয়েছিল, ‘এই ধরনের ভরাডুবি বিশেষ করে আত্মবিশ্বাসের অভাব এশিয়া কাপেই শুরু হয়েছিল। বিশেষ করে ভারত সিমিং কন্ডিশনেও আমাদের পেসারদের ওপর চড়াও হয়ে যখন খেলেছে। তার পর তো রহস্যটা উন্মোচিত হয়ে গেছে এভাবে যে, এই পেস আক্রমণ সামলানোর অন্যতম উপায় হচ্ছে প্রতি আক্রমণ।’
এ সময় রাজা শান মাসুদের নেতৃত্বের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ব্যাটার হিসেবেও তার ফর্ম উন্নয়নের ওপর জোর দিতে বলেছেন তিনি।
প্ল্যাটফর্ম এক্সে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও দলটির সমালোচনা করেছেন। রাওয়ালপিন্ডির এই পিচ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘১০ উইকেটের পরাজয়ে এই ধরনের পিচ তৈরি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। তার ওপর কোনও স্পিনার না নিয়ে চার পেসার নিয়ে খেলা। তাতে আমার কাছে বোঝা যাচ্ছে হোম কন্ডিশন নিয়ে দল মোটেও সচেতন ছিল না। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে সেটার কৃতিত্বও দিতে হবে। বিশেষ করে পুরো টেস্টে যে ধরনের নৈপুণ্য তারা দেখিয়েছে।’









