২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আব্দুর রাজ্জাক। কিন্তু তাকে ক্রিকেট ছাড়ছে না। গত বছর ভারতে খেলেছেন ‘লিজেন্ডস লিগ ক্রিকেট’। এবার সুযোগ পেলেন যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে। রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ডেট্রয়েট ফ্যালকনস। বুধবার টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে। নিলামের মাধ্যমে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের দলে টানতে পারবেন।
ডেট্রয়েট ফ্যালকনস রাজ্জাককে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিজেদের ফেসবুক পেজে ৬ ক্রিকেটারের একটি ছবি পোস্ট করেছে। রাজ্জাকসহ সেই ছবিতে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।
ক্রিকেটার বাছাইয়ের কাজ করলে নিজে এখনও ব্যাটিং-বোলিংয়ে আনন্দ পান রাজ্জাক। গত বছর ভারতে খেলতে গিয়ে দারুণ পারফরম্যান্স করেছেন। একদিন আগে সেই ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছিলেন। ৬ ক্রিকেটারের যে ছবিটি যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ডেট্রয়েট ফ্যালকনস পোস্ট করেছিল, সেটি নিজের ওয়ালে শেয়ার করেছেন রাজ্জাক।
যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্ট, শেষ হবে ১৭ নভেম্বর।









