কানপুরে নামার আগে সাকিব আল হাসান টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। গত বিশ্বকাপে শেষ টি-টোয়েন্টি খেললেও ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে টেস্ট ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সরকার পতনের পর তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একটি হত্যা মামলার আসামী তিনি। সেক্ষেত্রে দেশে ফিরে সিরিজ খেলে নির্বিঘ্নে দেশ ছাড়ার নিশ্চয়তা পেলেই খেলতে চান বাঁহাতি অলরাউন্ডার। এখনও সরকারের কাছ থেকে সেভাবে কোনও রকম আশ্বাস পাননি তিনি। তাই অনেকের দৃঢ় ধারণা সাকিব কানপুরেই শেষ টেস্ট খেলে ফেলেছেন। যদিও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাকে দেখতে আশাবাদী।
সাকিবের শেষ টেস্ট ইস্যু নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের কাছে প্রশ্ন করা হয়। তিনি এই ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন। তিনি বললেন, ‘এটা (কানপুর) তার শেষ টেস্ট, এমন কিছু আমি শুনিনি। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবে। দক্ষিণ আফ্রিকা সিরিজ তার শেষ শুনে আমরা বিস্মিত হয়েছি। আপনি সাকিবের মতো একজন খেলোয়াড়ের সরাসরি বিকল্প পাবেন না। তবে তার ক্যারিয়ারের যে পর্যায়ে সে ছিল, তার বিকল্প ভাবনা সবসময়ই আমাদের মাথায় ছিল।’
টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কুড়ি ওভারের স্কোয়াডে নেই সাকিব। বাংলাদেশকে এখন অবধারিতভাবেই ঢুকতে হচ্ছে নতুন বাস্তবতায়। যেখানে নেই সাকিব। এ অবস্থায় তার বিকল্প হিসেবে কাকে ভাবছে টিম ম্যানেজমেন্ট? এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেছেন, ‘ইন্টারেস্টিং। আমার মনে হয় না, এখনও কারও উত্তরাধিকারের ব্যাপারে কোনও পরিকল্পনা আছে। আমার ধারণা এই পরিকল্পনা সব সময়ই এখানে ছিল। লোকে এই বিষয়টি এখন ভাবছে কারণ সে তার ক্যারিয়ার শেষ করছে এখানে। কিন্তু আমি এবং সবাই অবাক হয়েছি যে, সে তার শেষ সিরিজ খেলছে। আমি বলবো তার উত্তরাধিকার আমরা সব সময়ই খুঁজছি। কিন্তু আপনি সাকিবের মতো একজনের বিকল্প পাবেন না।’
ভারতের বিপক্ষে এভাবে বিধ্বস্ত হওয়া মেনে নিতে পারছেন না হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে। ভারতের এমন অ্যাপ্রোচ আমরা আগে দেখিনি। রোহিত ও ওর দলকে কৃতিত্ব দিতেই হবে, এমন অ্যাপ্রোচে ম্যাচ জয়ের জন্য। তবে আমাদের পারফরম্যান্স মেনে নেওয়া কঠিন।’
ব্যর্থতা নিয়ে লঙ্কান কোচ আরও বলেছেন, ‘এই সিরিজে ব্যাটিং খুব হতাশাজনক। সর্বশেষ সিরিজে কয়েকজন ভালো খেলেছিল। তবে আমরা গত কয়েক সিরিজ ধরেই আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারছি না। এমন ব্যাটিংয়ের আরেক কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি। ভারত খুবই ভালো দল। আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবো। সেরা দলের বিপক্ষে খেলাগুলো এমনই হয়।’







