বেন স্টোকসকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। ইংলিশ অলরাউন্ডার হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেননি। স্টোকস শনিবার নিশ্চিত করেছেন, এখনও শতভাগ ফিট নন। দ্য হান্ড্রেডে দুই মাস আগে এই ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।
স্টোকসের অবর্তমানে কপাল খুলেছে ক্রিস ওকসের। আড়াই বছর পর বিদেশের মাটিতে প্রথম টেস্ট খেলার সুযোগ পেতে যাচ্ছেন। এশিয়াতেও প্রথম খেলতে নামছেন ২০১৬ সালের পর। একই টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন ব্রাইডন কার্স। স্টোকস না থাকায় টানা চতুর্থবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি।
গত মাসেই স্টোকস বলেছিলেন, ইনজুরি থেকে প্রত্যাবর্তনের জন্য কোনও ঝুঁকি নিতে চান না তিনি। বছর শেষ হওয়ার পূর্বে ইংল্যান্ড ৬টি টেস্ট খেলবে। আর হ্যামস্ট্রিং ইনজুরিও নতুন করে ফিরে আসার ঝুঁকি থাকে। স্টোকস এখন দ্বিতীয় টেস্টে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছেন। যা শুরু হবে ১৫ অক্টোবর। যদিও সেখানে শুধু ব্যাটারের ভূমিকাতেই দেখা যাবে তাকে।









