বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার শিবম দুবে। পিঠে চোট পেয়েছেন তিনি। রবিবার থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের স্কোয়াডে তার স্থলাভিষিক্ত হয়েছেন তিলক ভার্মা।
গত ফেব্রুয়ারিতে সাইড স্ট্রেইনের কারণে মুম্বাইয়ের রঞ্জি ট্রফি সেমিফাইনাল থেকে ছিটকে যান দুবে। গত আগস্টে জাতীয় দলে ফেরার পর থেকে ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত সদস্য তিনি।
ভারতের স্কোয়াডে ফেরার পর ২৩ ম্যাচে ৩১.৪১ গড় ও ১২৬.৯৩ স্ট্রাইক রেটে ৩৭৭ রান করেছেন দুবে। এর মধ্যে জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টানা দুটি অপরাজিত হাফ সেঞ্চুরি করেন এবং ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জয়ে ১৬ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। এই সময়ে বল হাতে সাত উইকেট নেন তিনি।
দুবের স্থলাভিষিক্ত তিলক ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। শেষ ম্যাচ ছিল জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে। মিডল অর্ডার এই ব্যাটার মাঝেমধ্যে অফস্পিনও করেন। বিসিসিআই এক বিবৃতিতে জানায়, রবিবার সকালে গোয়ালিয়রে স্কোয়াডে যোগ দেবেন তিনি।







