দুই দিন আগে-পরে ওয়েস্ট ইন্ডিজের আকাশ পাতাল তফাত দেখা গেলো। ডাম্বুলায় প্রথম টি-টোয়েন্টিতে ১৮০ রানের লক্ষ্য কত সহজেই না ছুঁয়েছিল তারা। সেই দলটি মঙ্গলবার শ্রীলঙ্কার স্পিনারদের ঘূর্ণিতে নাকাল! ৭৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো লঙ্কানরা।
দ্বিতীয় ম্যাচে পাথুম নিসাঙ্কার গোছানো হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কা করে ৫ উইকেটে ১৬২ রান। আগের ম্যাচের চেয়ে ১৭ রান কম করলেও স্পিন আক্রমণ দিয়ে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিকরা। ১৬.১ ওভারে ৮৯ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।
অভিষেকে দুনিথ ভেল্লালাগে বাজিমাত করেছেন। চার ওভারে মাত্র ৯ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। তার স্পিন বিষে ওয়েস্ট ইন্ডিজ কখনও লড়াইয়ে ফিরতে পারেনি। বাঁহাতি স্পিনার শুরুতেই সফরকারীদের ব্যাকফুটে ফেলে দেন।
আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। চারিথ আসালাঙ্কা একের পর এক স্পিনারকে দিয়ে বল করাতে থাকেন। নিজেও বল করেছেন তিনি এবং নেন দুই উইকেট। হারটা বিব্রতকর না করতে আলজারি জোসেফ (১৬) ও রভম্যান (২০) ছোটখাটো প্রতিরোধ গড়েন। কিন্তু বড় হার মানতে হয়েছে তাদেরকে। মাহিশ ঠিকশানা বল ঘুরিয়ে ২ উইকেট আদায় করেন। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন সমান সংখ্যক উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটই গেছে শ্রীলঙ্কার স্পিনারদের বলে। একমাত্র পেসার হিসেবে ইনিংসে একটি উইকেট পান মাহিশ ঠিকশানা।
তার আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন নিসাঙ্কা। ওপেনিংয়ে কুশল মেন্ডিসকে (২৬) নিয়ে ৭৭ রানের জুটি গড়েন তিনি। তারপর কুশল পেরেরার (২৪) সঙ্গে তার জুটি ছিল ৩৪ রানের। ৪৯ বলে ৯ চার ও ১ ছয়ে নিসাঙ্কা থামেন। টপ অর্ডারে আর কেবল দুই অঙ্কের ঘরে রান করেন কামিন্দু মেন্ডিস (৯)।









