রবিবার রাত সাড়ে ৯টার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে বিসিবি। এত রাতে দল ঘোষণা করার কারণ মূলত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়েছেন। স্ক্যান রিপোর্ট দেখেই তার ব্যাপারে নির্বাচকরা সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। সেটা হয়নি বলে রিপোর্ট ছাড়াই শান্তকে রেখে টেস্ট দল ঘোষণা করতে হয়েছে। যদিও নির্বাচকদের আশঙ্কাই সত্যি হয়েছে। এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা গেছে, শান্তর চোটের অবস্থা গুরুতর। এই অবস্থায় চলমান আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচতো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্ত ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে আজ ১০০ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে নিজের শততম ওয়ানডেতে।
শান্তর চোট নিয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘রবিবার শারজাতে শান্তর একটা এমআরআই করানো হয়। আমার দলের ফিজিও রিপোর্ট পেয়েছি। যাতে তার কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন আছে। এটা সারতে বিশ্রাম ও পুনর্বাসন দরকার। সে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবে না। দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা খতিয়ে দেখবো। সংযুক্ত আরব আমিরাত থেকে সে দেশে ফিরে পুনর্বাসন শুরু করবে।’
৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ইনিংসের ২৩তম ওভারে নাসুম আহমেদের করা টসড আপ ডেলিভারিতে কাভার দিয়ে ড্রাইভ করেছিলেন রহমত শাহ। সেখানে ফিল্ডিং করা শান্ত বল ঠেকিয়ে দেন। তবে বল ফেরাতে গিয়ে বাম পায়ে চোট পান তিনি। এরপর ফিজিও এগিয়ে এসে তাকে শুশ্রূষা করলেও খুব একটা ভালো অনুভব না করায় মাঠ ছাড়তে বাধ্য হন। সেই সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাকি সময়টায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মিরাজ।
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সোমবার (আজ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেস্ট দলের ১১ জন সদস্য ঢাকা থেকে ধরবেন দুবাইয়ের ফ্লাইট। সেখান থেকে লন্ডন হয়ে তারা যাবেন ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট দল ঘোষণা করলেও এখনও সীমিত ওভারের দল ঘোষণা করেনি বাংলাদেশ। শান্তর বদলে কে ওয়েস্ট ইন্ডিজ যাবেন, সেটি এখন ঠিক হয়নি।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।









