অস্ট্রেলিয়ার ফাস্ট ও বাউন্সি পিচে খেলতে গিয়ে ভারতের একাধিক ব্যাটার ইনজুরিতে পড়েছেন। কনুইয়ে চোট পেয়েছেন লোকেশ রাহুল, সরফরাজ খান। এরই মধ্যে শুবমান গিলকে নিয়ে শোনা গেলো দুঃসংবাদ। প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে তার বুড়ো আঙুলে চোট পাওয়ার খবর একটু পুরানো। নতুন খবর জানা গেছে স্ক্যান রিপোর্ট আসার পর, তার আঙুলে হাড় ভেঙেছে।
তাতে করে পার্থে প্রথম টেস্টে খেলতে পারবেন না গিল। ৬ ডিসেম্বরের মধ্যে তিনি যদি সুস্থ হতে পারেন, তাহলে তাকে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে। তিনি ছিটকে যাওয়ায় ভারতের ওপেনিং নিয়ে মাথাব্যাথা শুরু হয়ে গেছে।
কারণ যশস্বী জয়সওয়াল থাকলেও তার ওপেনিং সঙ্গী রোহিত শর্মার অনুপস্থিতিতে লোকেশ রাহুলকে ভাবা হচ্ছিল। কিন্তু তিনিও চোট পেলে গিলকে নিয়ে জল্পনা শুরু হয়। এবার তারও চোট! ধারণা করা হচ্ছে, অজিদের বিপক্ষে অভিষেক হতে পারে অভিমন্যু ঈশ্বরণের।
ইতোমধ্যে রোহিত জানিয়ে দিয়েছেন, পার্থে তিনি খেলবেন না। দ্বিতীয় সন্তানের মুখ দেখতে ছুটি নিয়েছেন তিনি।
জানা গেছে, অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের হয়ে খেলতে যাওয়া দুই ক্রিকেটার দেবদূত পাডিক্কাল ও সাই সুদর্শনকে থেকে যেতে বলেছে বিসিসিআই। যেভাবে চোটে পড়ছেন ভারতীয় ব্যাটাররা, সেটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া মনে করা হচ্ছে।








