সেঞ্চুরিয়নে পাকিস্তানের সঙ্গে যেমনটা হয়ে থাকে, বল হাতে ঠিক সেটাই করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শান মাসুদের দলকে ২১১ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিক দল।
বল হাতে দাপট দেখিয়েছেন পেসার ড্যান প্যাটারসন ও অভিষিক্ত পেসার করবিন বশ। ৬১ রানে ৫ উইকেট নিয়েছেন প্যাটারসন। যা টানা দ্বিতীয় টেস্টে তার ৫ উইকেট শিকারের নজির। বশ ৬৩ রানে নিয়েছেন ৪টি। প্রথম বলেই নিয়েছেন টেস্ট উইকেট! ব্যাটারদের ব্যর্থতার দিনে প্রতি আক্রমণ করেছেন শুধু কামরান গুলাম। ৭১ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি।
ঘাসের পিচে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানি ওপেনাররা ধীর-স্থির থেকেই খেলেছেন। প্রথম ঘণ্টায় টেস্ট মেজাজের পরিচয় দিয়েছেন তারা। কিন্তু দলীয় ৩৬ রানে শান মাসুদ ফিরতেই ছন্দ হারায় সফরকারীদের ইনিংস। পাকিস্তানি ব্যাটাররা দ্রুত রান তুলতে থাকলেও স্বাগতিক বোলারদের সুযোগ দিয়েছে বেশি। দলের সর্বোচ্চ স্কোরই ছিল কামরান গুলামের। তাছাড়া উল্লেখযোগ্য ২৮ ও ২৭ রান করেছেন যথাক্রমে আমের জামাল ও মোহাম্মদ রিজওয়ান।
জবাবে তিন উইকেটে ৮২ রানে প্রথম দিন শেষ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তাদের শুরুটাও আহামরি ছিল না। ৭ রানে ফিরেছেন ওপেনার টনি ডি জর্জি। ২৪ রানে রায়ান রিকেলটন (৮)। ত্রিস্টান স্টাবস কিছুক্ষণ ক্রিজে থাকলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। ৯ রানে ফিরেছেন। তবে প্রান্ত আগলে খেলছেন আরেক ওপেনার এইডেন মারক্রাম। ৪৭ রানে অপরাজিত আছেন তিনি। সঙ্গে ৪ রানে ব্যাট করছেন অধিনায়ক তেম্বা বাভুমা।
২৮ রানে দুটি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার খুররাম শেহজাদ। একটি নিয়েছেন আরেক পেসার মোহাম্মদ আব্বাস।









