সাইড স্ট্রেইন ইনজুরির কারণে টানা ছয় ম্যাচ খেলা হয়নি কাটার খ্যাত মুস্তাফিজুর রহমানের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী সোমবার মূল পর্বের দ্বিতীয় ম্যাচে খেলার যথেষ্ট সম্ভাবনা আছে তরুণ এই পেসারের। বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ হেরে মাশরাফি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন। শুক্রবার বেঙ্গালুরুতে একই কথা জানালেন বোলিং কোচ হিথ স্ট্রিক।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ম্যাচের জন্য আমরা মুস্তাফিজকে প্রস্তুত করার চেষ্টা করছি। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ত আমরা ম্যাচের দিন নেবো। এই মুহূর্তে সবকিছু খুব ভালো মনে হচ্ছে। ওর অবস্থা ভালো। তবে ম্যাচের দিনই কেবল আমরা শতভাগ নিশ্চিত করে কিছু বলতে পারবো।’
তিনি আরও যোগ করেন, ‘মুস্তাফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন। পরের তিন ম্যাচের জন্য ওকে পেলে দারুণ হবে। আশা করি, সবকিছু ঠিকঠাক এগোবে। আশা করি সে নিজের ভূমিকা রাখতে পারবে। অবশ্য শতভাগ ফিট হলেই কেবল ওকে খেলানো হবে।’
শুক্রবার একাই নেটে বোলিং করেছে মুস্তাফিজ। আর তার সেই বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হিথ স্ট্রিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে নেটে সবকিছুই চেষ্টা করেছে। অস্বস্তি নেই। এই মুহূর্তে সবই ভালো। তবে আবারও বলছি, ম্যাচ ইনটেনসিটি ভিন্ন ব্যাপার। আমরা ম্যাচের দিনই সিদ্ধান্ত নেবো।’
এশিয়া কাপে পুরোটা সময় মুস্তাফিজকে পেলে ভিন্ন কিছু হতে পারতো বলে মনে করেন হিথ স্ট্রিক। শুধু তাই নয় মূল পর্বের উদ্বোধনী ম্যাচে যদি মুস্তাফিজকে পাওয়া যেত, সেক্ষেত্রে আরও ভালো লড়াই হতে পারতো।







