টানা ৮ ম্যাচ জয়ের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে হোঁচট খেয়েছে রংপুর রাইডার্স। টানা দুই ম্যাচ তারা হেরেছে রাজশাহীর বিপক্ষে। তারপরও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রংপুর। বুধবার লিগ পর্বে নিজেদের এগারোতম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে দলটি। আজ মিরপুরে অনুশীলন শেষে রংপুর কোচ মিকি আর্থার জানালেন বাইরে থেকে বড় তারকা নিয়ে আসবেন তারা।
অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে রংপুরের এই কোচ বলেছেন, ‘হ্যাঁ কিছু বিদেশি সাইনিং নিয়ে কাজ চলছে। সব চূড়ান্ত হওয়ার পর জানাবো আপনাদেরকে। অনেক বড় নাম আছে এখানে, আমরা যাদের সঙ্গে কথা বলছি। এর চেয়ে বেশি কিছু আপনাদের এখন জানাতে পারছি না।’
টানা দুই ম্যাচ হারের পর আর্থার আশায় আছেন জয়ে ফেরার, ‘উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে। বেশি পরীক্ষা নিচ্ছে ব্যাটারদের। প্রপার ক্রিকেট শট খেলা নিয়ে কাজ করেছি আমরা। আমার মনে হয় আমরা যেসব শট খেলে শেষ ম্যাচে আউট হয়েছি সেগুলো অনেক সফট শট ছিল। ভালো হয়নি সেখানে। কথা বলেছি সেসব নিয়ে। আমার প্রতিটি ক্রিকেটারের ওপর শতভাগ বিশ্বাস আছে। কারণ আমি গায়ানাতে কঠিন কন্ডিশনে তাদের পারফর্ম করতে দেখেছি। আমি জানি তাদের সামর্থ্য কী। কেবল চাই তারা জয়ের ধারায় ফিরুক। কাল ভালো একটি পারফরম্যান্স চাই।’









