আইসিসি ওয়ার্ল্ড কাপ লিগ-দুইয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ওমান। নামিবিয়াকে অলআউট করেছে কোনও ফাস্ট বোলারকে ব্যবহার না করে! তাতে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে স্পিনার ব্যবহার করে প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার নজির গড়েছে ওমান।
গতকালকের ম্যাচে নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করেছে ওমান। ৩৩.১ ওভার স্থায়ী ইনিংসটিতে মধ্যপ্রাচ্যের দেশটি ৫ স্পিনার ব্যবহার করেছে। তারা সবাই মিলে ১০ উইকেট তুলে নিয়েছেন।
বামহাতি স্পিনার শাকিল আহমেদই মূল ধসটা নামিয়েছেন। ২৫ রানে নিয়েছেন ৪ উইকেট। অফস্পিনার জয় ওদেদরা এবং আরেক বামহাতি আমির কলিম নিয়েছেন দুটি করে উইকেট।
ওমানের একাদশে মিডিয়াম পেসার ছিল একজন। কিন্তু সুফিয়ান মাহমুদকে বল করাননি অধিনায়ক জাতিন্দর সিং। ফলে ওয়ানডেতে এটি এখন দীর্ঘ স্পিন-নির্ভর ইনিংসের নজির। সার্বিকভাবে পুরুষ ও নারীদের ক্রিকেটে অবশ্য চতুর্থবার এমনটা দেখা গেলো।
আগে ওয়ানডেতে স্পিন-নির্ভর দীর্ঘ ইনিংসের রেকর্ডটা ছিল যুক্তরাষ্ট্রের দখলে। নেপালের বিপক্ষে ৩৬ রান ডিফেন্ড করতে গিয়ে শুরুতে সর্বোচ্চ ৫.২ ওভার স্পিন বোলিং করায় তারা। ২০২০ সালের সেই ম্যাচটাও ছিল ওয়ার্ল্ড কাপ লিগ-দুইয়ে। ম্যাচটা ৮ উইকেটে হেরেছিল যুক্তরাষ্ট্র।
নারীদের ক্রিকেটে বাকি দুই নজিরের ঘটনাটিও ঘটেছে অসফল রান তাড়ায়। ওই দুই ম্যাচেও লক্ষ্যটা ছিল ১০০ রানের নিচে।
গতকাল নামিবিয়াকে অল্পতে বেঁধে রাখতে পারলেও ওমান সহজে ম্যাচটা জিততে পারেনি। আল আমেরাতে ২২.৪ ওভারে দলটা ১০০ স্পর্শ করেছে ৮ উইকেটে!









