চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ রবিবার। দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ের ওপর অনেক কিছুই নির্ভর করছে। এই ম্যাচ হারলেই স্বাগতিক পাকিস্তানের বিদায় নিশ্চিত। যেহেতু প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছে। দুই দলের দ্বৈরথটা আকর্ষণীয় হলেও সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার কাছে ম্যাচটা তেমন গুরুত্ব পাচ্ছে না। তার মতে ম্যাচটা হবে এক পেশে। এবং ভারতের মতো দলকে পরীক্ষায় ফেলার জন্য সেরকম অস্ত্রও নেই পাকিস্তানের।
আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় হিন্দিতে ধারাভাষ্য দেওয়ার সময় মাঞ্জরেকার বলেছেন, ‘পাকিস্তান দল ভারতের লিগের ধারেকাছেও নেই। সাম্প্রতিক সময়ে ভারত তাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে। আর এবার পাকিস্তান আরও দুর্বল দল। তাই বলে এই লড়াইয়ের আকর্ষণ কমে গেছে, এমন নয়।’
পাকিস্তান কেন পারবে না তার একটা ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেছেন মাঞ্জরেকার। তার মতে, ‘এই ধরনের কন্ডিশনে সফল হতে স্পিনার দরকার। অথচ পাকিস্তান দলে বিশেষজ্ঞ স্পিনার একজন। সেটা হচ্ছেন আবরার আহমেদ। তারা সালমান আগা কিংবা খুশদিল শাহকে দিয়ে বল করাবে। কিন্তু ভারতের ব্যাটারদের বিপদে ফেলতে সেটা মোটেও যথেষ্ট নয়। পেসাররাও সেভাবে প্রভাব ফেলতে পারবে না।’
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ভারত ৬ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে। প্রথম ম্যাচে রোহিত শর্মারা বাংলাদেশকে হারিয়েছে। এখন পাকিস্তানের বিপক্ষে জিতলেই তাদের সেমিফাইনাল নিশ্চিত হবে।









