পেসার তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার রায় পুনর্বিচেনার আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিভিউ আবেদনের প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় প্রায় ৫ ঘণ্টার শুনানি। তাসকিনকে মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছে বিসিবি, তবে তারা সফল হয়নি। শেষ পর্যন্ত বহাল রাখা হয়েছে তাসকিনের নিষেধাজ্ঞা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে শুনানি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুনানিতে অংশ নেন বিসিবির আইনজীবীরা অন্যদিকে আইসিসির হেডকোয়ার্টার থেকে অংশ নেন সংস্থাটির জুডিশিয়াল কমিশনার ও আইনজীবীরা। টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা শুনানি চলে। শুনানিতে অংশ নেন বাংলাদেশের প্রধন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। তবে এতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কোনও ভূমিকা ছিল না বলেই জানা গেছে।
শুনানিতে একবার বিসিবি ও একবার আইসিসি তাদের নিজ নিজ পক্ষে যুক্তি উপস্থাপন করে। একপক্ষ যুক্তি উপস্থাপনের সময় অন্যপক্ষ তাতে হস্তক্ষেপ করেনি। দীর্ঘ শুনানি শেষ বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির আবেদন খারিজ করে দেয় আইসিসি।
বিসিবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজমউদ্দিন চৌধুরি সুজন বলেন, 'তাসকিনকে রক্ষা করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। আইনগতভাবে যা যা করা সম্ভব তার সবই করেছে বিসিবি। এর বেশি কিছু করার ছিল না।' এখন বোলিং অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দিয়ে পাস করলেই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তাসকিন।
/আরএম/এমআর/







