আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের ম্যাচে খেলবেন না প্যাট কামিন্স। চলতি বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে কামিন্স। তার সঙ্গে মিচেল স্টার্ক ও ট্রাভিস হেডকেও বাইরে রাখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরতে যাওয়া দলে যুক্ত হয়েছেন জশ হ্যাজেলউড। টি-টোয়েন্টি দলে তার স্থলাভিষিক্ত করা হয়েছে জাভিয়ের বার্টলেটকে।
আগস্টে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে হ্যাজেলউড থাকবেন। তবে এই সময়ে ফিটনেস নিয়ে কাজ করবেন কামিন্স। অক্টোবরের শুরুর দিকে নিউজিল্যান্ডে সংক্ষিপ্ত সফরে টি-টোয়েন্টি সিরিজে দেখা যেতে পরে তাকে। নভেম্বরে অ্যাশেজের আগে ভারতের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচেও নিজেকে ঝালিয়ে নিতে পারেন কামিন্স।
কামিন্স অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক থাকলেও ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর এই ফরম্যাটে দুইবার নেতৃত্ব দিয়েছেন। গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান তিনি।









