ইংল্যান্ডের পেস কন্ডিশনের কথা ভেবে এসজি বল রেখে ডিউক বলে খেলা হচ্ছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ। কিন্তু সেই বলের মান প্রশ্নবিদ্ধ। সময়ের আগেই বলের আকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের একাধিক ক্রিকেটার। তবে এই বল হাতেই পাঁচ উইকেট নেওয়া জসপ্রীত বুমরা কোনও ধরনের বিতর্কে জড়াতে চান না। তাতে ম্যাচ ফি জরিমানা দিতে হতে পারে!
চলমান টেস্ট সিরিজে আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের আবেদন জানিয়েও কাজ হচ্ছে না। শুক্রবার ইংল্যান্ডের ইনিংসের ১০.৪ ওভার খেলার পর দ্বিতীয় নতুন বলের আকার নষ্ট হয়ে যায়। আম্পায়াররা অন্য যে বল দিয়েছিলেন, তা নিয়ে বিরক্ত প্রকাশ করেন শুবমান গিল। নিয়ম অনুযায়ী ১০ ওভার মতো খেলা হওয়া বলই পরিবর্তিত হিসেবে দেওয়া হয়। কিন্তু ওই বল ১০ ওভারের অনেক বেশি ব্যবহৃত ছিল বলে মনে হওয়ায় আম্পায়ারের কাছে আপত্তি জানান গিল-সিরাজ। সেই বলও ৮ ওভার খেলার পর পাল্টাতে হয়েছে।
ডিউক বল নিয়ে খেলোয়াড়রা প্রশ্ন তোলা প্রসঙ্গে বুমরার কাছে মন্তব্য জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘বল বারবার পাল্টাতে হচ্ছে। এখানে তো আমাদের কিছু করার নেই। আর এসব নিয়ে কথা বলে আমি জরিমানা দিতে চাই না। দীর্ঘ সময় খেলার জন্য কঠোর পরিশ্রম করি। তাই কোনও বিতর্কিত মন্তব্য করবো না। তা হলে ম্যাচ ফি কেটে নেওয়া হবে।’









