বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে শনিবার। আগামী কিছুদিন বিশ্রাম নিয়ে আবার শুরু হবে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট সূচী। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও কোনও কিছুই চূড়ান্ত করেনি।
ভবিষ্যত ট্যুর প্রোগ্রামে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলার কথা রয়েছে টাইগারদের। এর বাইরেও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে আলোচনা করছে বিসিবি। দ্বি-পাক্ষিক সিরিজগুলো খেলার ব্যাপারে আইসিসি তত্ত্বাবধান করে না। দুই বোর্ড মিলে সুবিধামতো সময়ে সিরিজ আয়োজন করে। সে অনুযায়ী চেষ্টা করছে বিসিবি।
আগামী এপ্রিলের শেষের দিকে নিজেদের মাটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলার চেষ্টা চালাচ্ছে বিসিবি। তবে সিরিজটিতে কয়টি ওয়ানডে কিংবা টেস্ট থাকবে এখনও নিশ্চিত নয়। অন্যদিকে আগামী জুন-জুলাই মাসে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা বাংলাদেশের। এছাড়া আগস্ট মাসে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে টাইগাররা। ম্যাচগুলো ইডেন গার্ডেনে হওয়ার সম্ভাবনা বেশি।
ভারতের বিপক্ষে সিরিজ খেলে ঘরের মাঠে আগামী সেপ্টেম্বর মাসে ক্যারিবিয়ানদের সঙ্গে ৭টি ওয়ানডে খেলার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংল্যান্ড। এরপর নভেম্বরে নিউজিল্যান্ড সফর করার কথা রয়েছে টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
/আরআই/এমআর/








