উইকেট নেওয়ার পর অনেক সময় পেসারদের উদযাপন হয়ে যায় মাত্রা ছাড়া। লর্ডসে মোহাম্মদ সিরাজের প্রতিক্রিয়াও ছিল তেমন। তৃতীয় টেস্টের চতুর্থ দিন বেন ডাকেটের উইকেট নেওয়ার পর তার দিকে আগ্রামী প্রতিক্রিয়ায় দেখিয়ে শাস্তি পেয়েছেন তিনি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হয়েছে তার। আচরণবিধিতে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে রবিবার। ইংল্যান্ড ওপেনার ডাকেটকে আউট করার পর তার মুখের সামনে গর্জন করে উদযাপন করেন সিরাজ। ইংলিশ ব্যাটার প্যাভিলিয়নের দিকে ফেরার পথে দুজনের কাঁধে ধাক্কাও লাগে!
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, সিরাজ আচরণবিধি লঙ্ঘন করেছেন। মূলত এসব কর্মকাণ্ড যেমন ভাষা প্রয়োগ, বিভিন্ন রকম তৎপরতা ও অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যাটারের মাঝে আগ্রাসী প্রতিক্রিয়া উস্কে দেওয়ার কারণ হয়ে থাকে।
তৃতীয় টেস্ট জিততে ভারতের প্রয়োজন ১৯৩ রান। দুই দলই পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায়। প্রথম টেস্টে হেডিংলিতে পাঁচ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড। আর এজবাস্টনে ৩৩৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত।








