ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে হ্যাম্পশায়ার ২২১ রানের লক্ষ্য দিয়েছিল এসেক্সকে। এই কঠিন লক্ষ্য চার বল হাতে রেখে জিতে নিয়েছে এসেক্স। বিস্ফোরক ইনিংস খেলেছেন জর্ডান কক্স। ১১টি করে চার ও ছক্কায় ৬০ বলে ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান চার উইকেটে।
কুড়ি ওভারের ক্রিকেটে ইংলিশ উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন কক্স। ১৪৪ টি-টোয়েন্টি খেলে এটি তার প্রথম সেঞ্চুরি। ইংলিশ উইকেটকিপার ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে আগের সর্বোচ্চ ইনিংস ছিল ফিল সল্টের। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ১১৯ রান করেন তিনি।
লক্ষ্যে নেমে কক্স দ্বিতীয় ওভারে ব্যাট করতে ক্রিজে আসেন কক্স। ঝড় তুলেছেন শুরু থেকে। জেমস ফুলারকে টানা তিন চার মেরে ছক্কা হাঁকান। এই আক্রমণাত্মক ব্যাটিং চলেছে শেষ পর্যন্ত। ২২ বলে হাফ সেঞ্চুরি করেন। সেঞ্চুরি আসে ৪৭ বলে। তারপর দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
শেষ ওভারে এসেক্সের দরকার ছিল ১১ রান। ফুলারকে প্রথম দুই বলেই ছক্কা মেরে দেন কক্স।
ইংল্যান্ডের জার্সিতে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলা কক্স টেস্ট দলে ডাক পেলেও চোটের কারণে অভিষেক হয়নি।









