গত চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে অলরাউন্ডার মোহাম্মদ নবী তার ছেলে হাসান ইসাখিলের সঙ্গে আফগানিস্তানের হয়ে একই সঙ্গে ওয়ানডে খেলার স্বপ্ন দেখার কথা জানান। সেই স্বপ্ন পূরণ হবে কি না তা সময় বলে দেবে। তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে বাবা-ছেলের বিরল লড়াই দেখা গেলো আফগানিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা শপাগিজা ক্রিকেট লিগে। সেই লড়াইয়ে ছেলে বাবার প্রথম বলেই বিশাল ছক্কা মারলেন!
আমো শার্কস ও মিস আইনাক নাইটসের ম্যাচে এমন অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হলেন ক্রিকেট ভক্তরা। ইসাখিল শার্কসের হয়ে ওপেনিংয়ে নামেন। দারুণ ছন্দে থেকে দলের হয়ে ৩৬ বলে ৫২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। তার দল সংগ্রহ করে ১৬২ রান।
ইনিংসের নবম ওভারে বল হাতে নেন নবী। প্রথম বলেই সপাটে আঘাত করেন ইসাখিল। বল উড়ে চলে যায় বাউন্ডারির বাইরে। শট খেলেই স্মিত হাসি হাসেন ১৭ বছর বয়সী ব্যাটার।
ছেলের কাছে ছক্কা হজম করে নবীর কেমন অনুভূতি হয়েছে জানা যায়নি। তবে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ধারাভাষ্যকাররা। তাদের একজন বলেন, ‘দারুণভাবে বাবাকে স্বাগত জানালেন হাসান।’ আরেক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘দুর্দান্ত মুহূর্ত! বাবা বল করছে ছেলেকে। আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে যেন বুঝিয়ে দিল, তুমি আমার বাবা। মাঠের বাইরে তোমাকে শ্রদ্ধা করি। কিন্তু এমন বল করলে আমি মাঠের বাইরে ফেলবই।’
ওই ওভারে ১২ রান দেন নবী। পরে আর বল করেননি। তবে শেষ হাসি হেসেছেন তিনি। ১৮ বল হাতে রেখে পাঁচ উইকেটে জিতে যায় নাইটস। জয়সূচক ছক্কা মারেন এই অলরাউন্ডার।
বেশ কয়েক বছর ধরে ইসাখিল আলোচনায় আছেন। ২০২৩ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩২ বলে ৫০ রান করেন। খেলেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও। গত বছর কাবুল প্রিমিয়ার লিগে তিনি ৫১ বলে ১৫৬ রান করে শোরগোল ফেলে দিয়েছিলেন।









