চলতি ইংল্যান্ড সফরে দারুণ ফর্মে আছেন লোকেশ রাহুল ও ঋষভ পান্ত। ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিন দুজনেই দারুণ কীর্তি গড়েছেন। কিন্তু তাদের জন্য হতাশার চাদরে মোড়ানো ছিল দিনটা। রাহুল অল্পের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি। পান্ত দারুণ এক জুটি গড়তে গিয়েও শেষ করে আসতে পারেননি। পায়ের চোটে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তাতে ভারতের জন্য দিনটা শেষ হয়েছে অস্বস্তিতে। সফরকারীরা ৪ উইকেটে সংগ্রহ করেছে ২৬৪ রান।
টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। যশস্বী জয়সওয়ালকে নিয়ে প্রথম সেশন শাসন করেন রাহুল। বিনা উইকেটে ৭৮ রানে লাঞ্চের পর খেলতে নেমে ভেঙে যায় উদ্বোধনী জুটি। দলীয় ৯৪ রানে রাহুলের বিদায়ে এই জুটি ভাঙে। চার রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি তার। তবে সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রাহুল। তার ৪৬ রানের ইনিংসে ছিল চারটি চার।
ক্রিস ওকসের এই আঘাতের পর একটু নড়বড়ে হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৪০ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে তাদের। জয়সওয়াল ১০৭ বলে ৫৮ রানে থামেন। আট বছর পর টেস্টে ফিরে সপ্তম বলেই তাকে আউট করেন লিয়াম ডওসন। লর্ডস টেস্টের পর এই ম্যাচেও হতাশ করে ১২ রানে আউট হন সফরকারী দলের অধিনায়ক শুবমান গিল। তাকে এলবিডব্লিউ করেন স্টোকস।
এরপর দাঁড়িয়ে যান পান্ত, সঙ্গ দেন সাই সুদর্শন। কিন্তু শেষ সেশনের মাঝামাঝি সময়ে চোটের ধাক্কা লাগে ভারতের ব্যাটিং লাইনে। লর্ডসে আঙুলের ইনজুরিতে বেশিরভাগ সময় উইকেটকিপিং না করা পান্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
৬৮তম ওভারে স্টোকস বল ছোড়ার আগেই রিভার্স সুইপ করতে যান পান্ত। বল ইনসাইড এজ হয়ে তার ডান পায়ে আঘাত করে। ব্যথায় কুকড়ে যান ভারতীয় ব্যাটার। ফিজিও এসে জুতো-মোজা খুলে রক্ত দেখতে পান। হাঁটার মতো অবস্থায় ছিলেন না তিনি। নিজে থেকে নতুন ব্যাটারকে মাঠে পাঠানোর আহ্বান করে গলফ কার্টে চড়ে মাঠ ছাড়েন পান্ত। দলের রান তখন ২১২, তার ৩৭ রান।
মাঠ ছাড়ার আগেই অভিনব রেকর্ড গড়েন পান্ত। একমাত্র সফরকারী উইকেটকিপার ব্যাটার হিসেবে ইংল্যান্ডে এক হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।
সুদর্শন ও রবীন্দ্র জাদেজার জুটি বড় হয়নি। ২৩ রান তুলতেই তাদের বিচ্ছিন্ন করেন স্টোকস। ১৫১ বলে ৬১ রান করেন সুদর্শন। জাদেজা ও শার্দুল ঠাকুর সমান ১৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৯ রানের।









