বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ। পাকিস্তান উড়াল দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, যেখানে তিন ম্যাচ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা। ১৬ জনের ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ ব্যাটার হাসান নওয়াজ। টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে। ওয়ানডে স্কোয়াডেও রাখা হয়েছে এই ফাস্ট বোলারকে। ২০ ওভারের সিরিজের দল থেকে এবারও বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। আগামী বছরের বিশ্বকাপের আগে এভাবে তাদেরকে বাইরে রাখা টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষের ইঙ্গিত দিচ্ছে।
২২ বছর বয়সী নওয়াজ তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা নিশ্চয় ভুলে যেতে চাইবেন। মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টিতে ডাক মারেন তিনি। তারপর তৃতীয় ম্যাচেই পাকিস্তানি হিসেবে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন নওয়াজ। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজেও তার ব্যাটে রান ছিল। কিন্তু সদ্যই ঢাকায় শেষ হওয়া তিন টি-টোয়েন্টির সিরিজের প্রথম দুটিতে ডাক মারেন তিনি। এবার নওয়াজ ওয়ানডেতে নিজেকে চেনানোর অপেক্ষায়।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সফল টি-টোয়েন্টি সিরিজে ছিলেন হাসান আলী। তবে বাংলাদেশের মাটিতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েন তিনি। তাকে ক্যারিবিয়ান সফরের দুটি দলেই রাখা হয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডে খেলার অপেক্ষায় এই পেসার।
বাংলাদেশে খেলা সালমান মির্জা ও আব্বাস আফ্রিদি বাদ পড়েছেন। মোহাম্মদ নওয়াজ ও হুসেইন তালাত দুটি স্কোয়াডেই জায়গা ধরে রেখেছেন।
৮, ১০ ও ১২ আগস্ট ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে হবে ওয়ানডে সিরিজ।
তার আগে ৩১ জুলাই ক্যারিবিয়ানদের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ২ ও ৩ আগস্ট হবে শেষ দুটি ম্যাচ। সব ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের লডারহিলে।
সাদা বলের কোচ মাইক হেসন প্রথমবার ওয়ানডেতে পাকিস্তানের কোচিং করাবেন। এই দলে দেশের অন্যতম সেরা তারকা বাবর ও অধিনায়ক রিজওয়ান খেলবেন তার অধীনে। দুজনের সঙ্গে বোলিং আক্রমণের হাল ধরবেন নাসিম শাহ ও শাহীন।
বাংলাদেশে সিরিজ শেষ করে ২৭ জুলাই পাকিস্তান দল যুক্তরাষ্ট্রে পা দেবে।
টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।









