ধারাবাহিক পারফরম্যান্স, নেতৃত্বগুণ, ম্যাচজয়ী ইনিংস—সবই আছে তার। ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএলসহ বিপিএলে পারফর্ম করছেন নিয়মিত। তারপরও জাতীয় দলের জার্সিতে ফেরা হচ্ছে না নুরুল হাসান সোহানের। শ্রীলঙ্কা সফরের দলেও রাখা হয়নি তাকে। ঘরে বসে তাই সময় নষ্ট না করে ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে চলে গিয়েছিলেন। তাই গুঞ্জন চলতে থাকে জাতীয় দলের চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টিকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
অবশ্য বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ উড়িয়ে সোহান বলেছেন, ‘ফাঁকা ছিলাম বলে খেলেছি। একটা কথা পরিষ্কার করতে চাই—আমার প্রথম পছন্দ কখনোই গ্লোবাল টি–টোয়েন্টি ছিল না। অনেকে বলেন, আমি নাকি গ্লোবাল টি–টোয়েন্টি খেলবো বলেই জাতীয় দলে ছিলাম না। কথাটা একেবারেই সত্য নয়। আমি তখন চট্টগ্রামে জাতীয় দলের ক্যাম্পে ছিলাম, কিন্তু শ্রীলঙ্কা সিরিজের দলে ডাক পাইনি। ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে মনে করেছি গ্লোবাল টি–টোয়েন্টিতে খেলাটা ভালো হবে। জাতীয় দলই সবসময় আমার প্রথম প্রায়োরিটি। শুধু আমি না, সব ক্রিকেটারের ক্ষেত্রেই এটা সত্য। এই বিষয় নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কোনও কথা হয়নি।’
বাংলাদেশের জার্সিতে সোহান সবশেষ খেলেছেন ২০২৩-এর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। মিরপুরে সেই ম্যাচের পর ২৩ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি তার। তবু সোহান হতাশ নন। কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে নিজের কাজটা ঠিকমতো করে যেতে চান তিনি, ‘অবশ্যই বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক বড় গর্বের ব্যাপার। ছোট থেকেই স্বপ্ন দেখতাম, এখনও দেখছি। যদি সুযোগ পাই, তবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিকে যেটা লিখে রেখেছে, সেটাই হবে। অনেক কিছুই ম্যান টু ম্যান ভেরি করে। আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না। যে ভালো খেলবে, সেই যাবে।’
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন সোহান। আগামীকাল ও পরশু দুই দিন দুই ভাগে অস্ট্রেলিয়ায় বহুজাতিক টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ খেলতে রওনা দেবে ‘এ’ দল। টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, ‘আমরা খুব ভালো একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। এখানে পাকিস্তান ‘এ’ দল, নেপাল জাতীয় দল, বিগ ব্যাশের কয়েকটি দল খেলবে। আমার কাছে মনে হয় মেইন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো। প্রতিটা খেলোয়াড়, যারা আমাদের সঙ্গে টিম ম্যানেজম্যান্ট আছে— তাদের লক্ষ্য ট্রফি জেতার। ’
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে একটি চারদিনের ম্যাচ খেলবেন সোহানরা। সামনের অস্ট্রেলিয়া সিরিজে এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন সোহান, ‘যেহেতু সামনের বছর টেস্ট আছে, এটা আমাদের জন্য ভালো সুযোগ যারা টেস্ট খেলবে। কিন্তু এখনকার জন্য টি–টোয়েন্টিটা নিয়েই চিন্তা করছি যেহেতু বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। চারদিনের টিম এখনও ঘোষণা হয়নি। যারাই খেলবে, তাদের জন্য বড় সুযোগ।’








