হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে পাত্তা দিলো না বাংলাদেশ। সানজিদ মজুমদারের দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের ১৪৭ রানে অলআউট করে তারা। তারপর বায়ান্দা মাজোলার বোলিংয়ে বিপাকে পড়লেও সামিউন বাসিরের ফিফটিতে ম্যাচ জিতেছে বাংলাদেশ।
২৯.৩ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করেছে বাংলাদেশ। ৬৮ রানে ৫ উইকেট পড়ার পর বশির ও মোহাম্মদ আব্দুল্লাহর অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় তারা। আগামী রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে দারুণ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলো বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে নামার আগে তারা লিগ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে।
সহজ লক্ষ্যে নেমে প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চার জন এক অঙ্কের ঘরে থাকতেই আউট হন। কেবল রিফাত ৪৩ রান করেন।
এরপর আব্দুল্লাহ ও বাসির সেই বিপর্যয় সামলে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৩৬ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫২ রান করেন বাসির। ২০ রানে অপরাজিত ছিলেন আব্দুল্লাহ।
মাজোলা ১০ ওভারে ২৯ রান খরচায় চার উইকেট নেন।
বাসির জয়সূচক ফিফটির আগে বল হাতে দক্ষিণ আফ্রিকার ইনিংস সেরা স্কোরার ব্যান্ডাইল এমবাথাকে (৩৯) ফেরান। বোলিংয়ে তিনি প্রতিপক্ষের শেষ উইকেটও নেন। ৬.২ ওভারে ২৩ রান দিয়ে তার শিকার দুই ব্যাটার।
বাসিরের আগে সানজিদ ৮ ওভারে ৩৯ রান খরচায় চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেন। প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান পল জেমসের। ৩৭.২ ওভারে দেড়শ করার আগেই অলআউট তারা।









