ক্রিকেটের তীর্থস্থান বলা হয় লর্ডসকে। শতবছরের ঐতিহ্যবাহী এই ক্রিকেট গ্রাউন্ডে অগণিত জাদুকরী মুহূর্ত তৈরি হয়েছে। এই মাঠের কিছু অংশ যদি নিজের কাছে রাখা যায়, কেমন হবে? সেই সুযোগ এবার মিলছে। লর্ডসে আউটফিল্ডের ঘাস বিক্রি করা হবে, প্রতি টুকরার মূল্য ৫০ পাউন্ড!
২৩ বছরে প্রথমবার ঘাস তুলে নতুন করে লাগানো হবে। তুলে ফেলা ঘাস কাজে লাগানো হবে তহবিল সংগ্রহে। প্রতি টুকরার আকার ১.২ মিটার বাই ০.৬ মিটার।
মেরিলিবোন ক্রিকেট ক্লাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘এমসিসি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহ ক রতে এবং ক্রিকেট মাঠের ভবিষ্যৎ উন্নয়নে আমরা সবকল সদস্যকে লর্ডস টার্ফের একটি টুকরার মালিক হওয়ার সুযোগ দিচ্ছি, সেই মঞ্চের অংশ যেখানে অসংখ্য জাদুকরী মুহূর্ত তৈরি হয়েছে।’
ওই বিজ্ঞপ্তিতে কেবল ২৫ হাজার সদস্যের কথা বলা হলেও সাধারণ মানুষও তুলে ফেলা ঘাসের টুকরার মালিক হতে পারবে। ঘাস বিক্রির ১০ শতাংশ অর্থ এমসিসি ফাউন্ডেশনের তহবিলে যাবে, বাকি অর্থ এই মাঠের অবকাঠামোগত উন্নয়নে খরচ করা হবে।
মাঠের কাজ শুরু হবে সেপ্টেম্বরে, তবে ২০ পিচ স্কয়ার অক্ষত রাখা হবে। উপরের অংশের ১৫ মিলিমিটার ঘাস কেটে ফেলে নতুন বীজ বপন করে পুরোপুরি নতুন একটি ঘাসের স্তর তৈরি করা হবে।
সাম্প্রতিক সময়ে আউটফিল্ডে ফিল্ডারদের ডাইভে ঘাস উঠে যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান কিউরেটর কার্ল ম্যাকডারমট দ্য টেলিগ্রাফকে জানান, আরও আগেই আউটফিল্ড সংস্কার করতে চেয়েছিলেন। কিন্তু ব্যস্ত সূচির কারণে সেটা হয়নি।
২০০২ সালে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে শেষবার ঘাস তোলা হয়। ওইবার ঘাস নিলামে তোলা হয়, প্রতি টুকরা ১০ পাউন্ড করে মোট দাম উঠেছিল ৩৫ হাজার। এক ব্যক্তি ১ হাজার ২৬০ পাউন্ডে ঘাসের একটি পুরো লন কিনে নেন।








